‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবারও নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে গুঞ্জন উঠেছে, আসন্ন এই সিনেমায় শাকিবের মুখোমুখি হতে পারেন অভিনেতা নাসির উদ্দিন খান।
সিনেমাটির টিম থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো না হলেও নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি দাবি করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। নাসির উদ্দিন খানের অভিনয়ের ব্যাপারটি পরিকল্পনায় রেখেছেন বলে জানান। তার কথায়, ‘এখনও কোনো কিছু কনফার্ম হয়নি। মানে আমরা তো ভাবনার জায়গা থেকে অনেক কিছুই ভাবি কাস্টিং নিয়ে। এখন পর্যন্ত কনফার্ম না। গল্পের প্রয়োজনে আমাদের কাস্টিং রাখা হয়। চূড়ান্ত শিল্পীর তালিকা শুটিংয়ের সময় জানাব।’
প্রাথমিক আলোচনায় নভেম্বরে শুটিং শুরুর কথা শোনা গেলেও, শুটিং কবে থেকে শুরু—এ প্রশ্নে এই প্রযোজক বলেন, ‘অক্টোবরের শেষের দিকে আমরা সিনেমাটির শুটিং শুরু করব।’
জানা গেছে, আসন্ন এই সিনেমায় শাকিবের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আপাতত সিনেমার নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’। অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগেও একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’-এ দেখা গিয়েছিল তাদের। পরিকল্পনা ঠিকঠাক এগোলে এ নিয়ে দ্বিতীয়বার পর্দা ভাগাভাগি করবেন তারা।
ডিএ/কেআই
