জুটি হিসেবে বলিউডে দারুণ সাফল্য পেয়েছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের জুটিবদ্ধ সিনেমাগুলোর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে দর্শকের কাছে। যেমন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। এই সিনেমার গান থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য নিয়ে এখনো চর্চা হয়।
সিনেমাটির একটি দৃশ্য এবার জায়গা করে নিলো অস্কার কর্তৃপক্ষের অন্তর্জাল দেয়ালে। দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর ইনস্টাগ্রাম পেজে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র একটি দৃশ্য পোস্ট করা হয়েছে।
দৃশ্যটিতে দেখা যায়, দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের চরিত্র ন্যায়না ও বানি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা নিয়ে কথা বলছে। জীবনে আরও বড় কিছু পাওয়ার পেছনে ছুটে চলার বদলে বর্তমানে যা আছে, সেটাকেই উপভোগ করার কথা বলেন ন্যায়না। ন্যায়না বলে, ‘যতই চেষ্টা করো বানি, জীবনে কিছু না কিছু তো হাতছাড়া হবেই। তাহলে যেখানে আছি, সেখানেই কেন আনন্দটা উপভোগ করি না?’
ভিডিওর ক্যাপশনে ‘দ্য অ্যাকাডেমি’ লিখেছে, ‘ন্যায়নার পক্ষ থেকে সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, বর্তমানে যা আছে, তা-ই উপভোগ করা উচিত।’

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় দর্শকরা। এমনকি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের পেজ থেকেও ওই পোস্টে মন্তব্য করা হয়েছে। সেটা এরকম, ‘এই দৃশ্য সবসময়ই একটু আলাদাভাবে হৃদয়কে স্পর্শ করে।’
দর্শকের মধ্যে একজন লিখেছেন, ‘আমাদের সবার মতোই অ্যাকাডেমিও দীপিকা পাড়ুকোনের প্রেমে পড়েছে’; আরেকজনের মন্তব্য, ‘পেজের অ্যাডমিন সঠিক পথেই আছেন। বিশ্বের সামনে সম্পূর্ণ নতুন এক ক্যানভাস খুলে দিচ্ছেন।’
উল্লেখ্য, অয়ন মুখার্জির ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস আর প্রেমের গল্পের সিনেমাটি দারুণ সাফল্য পায়। মাত্র ৪৫ কোটি রুপির সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল প্রায় সাড়ে তিনশ কোটি রুপি। সিনেমাটিতে রণবীর-দীপিকার সঙ্গে আরো আছেন আদিত্য রায় কাপুর, কল্কি কোয়েচলিন প্রমুখ।
কেআই
