ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসার জোয়ার ভাসিয়েছিলেন তার সহকর্মীরা। বিশেষ করে তার দীর্ঘদিনের দুই বন্ধু ও অভিনয়শিল্পী সিয়াম আহমেদ এবং তৌসিফ মাহবুবের বিশেষ বার্তা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়। এবার সহকর্মীদের সেই ভালোবাসার জবাব দিলেন সাফা নিজেই। সিয়াম ও তৌসিফকে আলাদাভাবে ট্যাগ করে এক বিশেষ আবেগঘন বার্তায় নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সিয়াম আহমেদকে উদ্দেশ করে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে সাফা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, সিয়াম আহমেদ। আমার জন্মদিনটাকে এতটা বিশেষ করে তুলতে তুমি যে চেষ্টা করেছ, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এমনকি আমার জন্য কমলা রঙের পোশাকও পরেছ! তোমাকে দেখতে একেবারে মিষ্টি বাবলগামের মতো লাগছিল। তুমি যেভাবে আমাকে ভালোবাসো, সেটাও আমার খুব প্রিয়।’

তার কথায়,‘সত্যি বলতে, তোমার আশপাশে থাকতেই আমার ভালো লাগে। তুমি সবসময় আমাকে এতটা ভালোবাসা ও বিশেষ অনুভূতি দাও। জীবনে তোমাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। আমি সবসময় তোমাকে এভাবেই আমার মনের খুব কাছাকাছি রাখতে চাই। তাই আমার জন্মদিনে শুধু নিজেকেই নয়, তোমাকেও উদ্যাপন করছি। সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি!’
অন্যদিকে তৌসিফ মাহবুবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের গভীরতা তুলে ধরে অন্য এক পোস্টে সাফা লিখেছেন, ‘কখনো কখনো তোমার উপস্থিতিই সবকিছু বলে দেয়, সবসময় শব্দের প্রয়োজন হয় না। তোমার কাজগুলো এবং যেভাবে তুমি সবসময় আমার পাশে থাকো সেগুলো এমন অনেক কিছু বলে দেয়, যা হয়তো কখনো মুখে বলতেও পারবে না।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘তোমার কাজেই এতটা স্পষ্ট হয়ে ওঠে তুমি আমার জন্য কী অনুভব করো এবং আমি তোমার জন্য কী অনুভব করি। তোমাকে পাশে পেয়ে আমি সত্যিই নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি। তোমাকে, আমাদের বন্ধুত্বকে এবং আমাদের মধ্যকার এই সুন্দর বন্ধনকে আমি সবসময় আগলে রাখব। শুধু দোয়া করি, আমাদের এই সম্পর্কটা যেন সবসময় এমনই সুন্দর থাকে। তোমাকে ভীষণ ভালোবাসি, তৌসিফ মাহবুব।’
এমআইকে
