টেলিভিশন নাটকের পরিচিত মুখ প্রসূন আজাদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখা প্রসূন একসময় টানা অভিনয় করলেও হঠাৎ নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেন। ক্যারিয়ারের মাঝপথে তার এই আড়ালে চলে যাওয়াকে বড় ক্ষতি উল্লেখ করে আফসোস প্রকাশ করেছেন প্রভা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে প্রসূনের অভিনয় দক্ষতার প্রশংসা করে প্রভা লিখেছেন, ‘প্রসূন আজাদের অভিনয়টা আমার সবসময়ই খুব ভালো লাগত। মেয়েটার মধ্যে অসম্ভব সম্ভাবনা ছিল। খুব সুন্দর সুন্দর কাজ করত, আর নির্মাতারাও ওকে ভালো ভালো চরিত্রে কাস্ট করতে চাইতেন। অথচ খুব বেশি দিন কাজ করতে পারল না।’

প্রসূনের কাজ ছেড়ে দেওয়া প্রসঙ্গে প্রভা মনে করেন, তাকে আরেকটু সহমর্মিতার সঙ্গে সামলানো যেত। তিনি লিখেছেন, ‘হয়তো স্বভাবের দিক থেকে কিছুটা বাচ্চামি ছিল, হয়তো ছোটখাটো কিছু ভুলও করত। কিন্তু আমার মনে হয়, ওকে একটু আদর করে বুঝিয়ে, পাশে থেকে সেই ভুলগুলো শুধরে দেওয়া যেত। কারণ ওর মধ্যে যে অভিনয়ের সম্ভাবনা ছিল, সেটা সত্যিই আলাদা করে চোখে পড়ার মতো। আর প্রসূনের একটা বিষয় আমার বিশেষ ভালো লাগত।’
অভিনয়ের পাশাপাশি প্রসূনের ব্যক্তিত্ব ও প্রতিবাদী স্বভাবের কথা উল্লেখ করে প্রভা লেখেন, ‘ওর কোনো ফিমেল কো-আর্টিস্টকে নিয়ে কেউ অসম্মানজনক বা ডিসরেসপেক্টফুল কোনো কথা বললে, প্রসূন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। ‘এতে আমার কী’ এমনভাবে পাশ কাটিয়ে যেত না। অন্য একজন নারীর সম্মান নিয়ে কথা বলার সময় নিজের জায়গা থেকে দাঁড়াতে পারত। এই জিনিসটা অনেক নারীর মধ্যেই নেই।’
সহশিল্পীর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গুণটিকে প্রসূনের অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করে প্রভা শেষে যোগ করেন, ‘অন্য একজন নারীকে সম্মান করা, তার হয়ে কথা বলা, অন্যায় দেখলে প্রতিবাদ করা এই নারীসত্তাটা প্রসূনের মধ্যে খুব সুন্দরভাবে ছিল। এমনি বললাম হঠাৎ আজ মনে হলো, প্রসূন আসলেই খুব সুন্দর অভিনয় করত। মেয়েটার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। খুব আফসোস হয় এত সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত।’
এমআইকে
