অ্যান্থলজি সিনেমা হিসেবে বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘লাস্ট স্টোরিজ’। ২০১৮ সালে প্রথম মুক্তি পায় এটি। গুণী নির্মাতাদের গল্পের সিনেমাটি আলোচনার কেন্দ্রে চলে আসে। এরপর ২০২৩-এ মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ ২’। সেটিও পায় বিপুল সাড়া।
তিন বছর পর আবারও আসছে ‘লাস্ট স্টোরিজ’। তৃতীয় অধ্যায়ে থাকছে চারটি গল্প, সেগুলো নির্মাণ করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। আগের দুই কিস্তির মতো এবারও গল্পের কেন্দ্রে থাকছে যৌন কামনা, ভালোবাসা ও সম্পর্কের নানা দিক।
এদিকে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর মুক্তির তারিখও এলো প্রকাশ্যে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে অ্যান্থলজি সিনেমাটি। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আসবে ট্রেলার।
বরাবরের মতো ‘লাস্ট স্টোরিজ ৩’-এও থাকছেন একঝাঁক তারকা। এবার বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে দেখা যাবে রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, শকুন বাত্রার গল্পে অভিনয় করেছেন আলি ফজল ও রাধিকা মদন। বাস্তব জীবনের দম্পতি সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি অভিনয় করেছেন বিশাল ভরদ্বাজের গল্পে। আর কিরণ রাওয়ের পরিচালনায় প্রধান চরিত্রে দেখা যাবে গুরফতেহ পীরজাদা ও নবাগত সানা থাম্পিকে।

এ বছরের ফেব্রুয়ারিতে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই নির্মাতারা জানান, এবারের প্রতিটি গল্পই মানবিক সম্পর্কগুলোকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখেছে। এতে বোঝানো হয়েছে, প্রেক্ষাপট, নীরবতা ও দুর্বলতার ওপর কীভাবে মানুষের আকাঙ্ক্ষা ও সম্পর্কের ধরন নির্ভর করে।
কেআই
