বিজ্ঞাপন

প্রয়াত ম্যাথিউ পেরিকে নিয়ে নেটফ্লিক্সের তথ্যচিত্র, কী থাকছে তাতে?

প্রয়াত ম্যাথিউ পেরিকে নিয়ে নেটফ্লিক্সের তথ্যচিত্র, কী থাকছে তাতে?

বছর তিনেক আগে আকস্মিক মৃত্যুতে দর্শককে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান আমেরিকান অভিনেতা ম্যাথিউ পেরি। গত শতকের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’ দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিলেন তিনি। প্রয়াত এ তারকাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। অভিনেতার প্রয়াণ দিবস (২৮ অক্টোবর) উপলক্ষে ২৭ অক্টোবর তথ্যচিত্রটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথিউ পেরি’ নামের এই তথ্যচিত্রে থাকছে তিনটি পর্ব। এতে ম্যাথিউকে নিয়ে কথা বলেছেন তার ঘনিষ্ঠ মানুষেরা। এসবের মধ্য দিয়ে উঠে আসবে অভিনেতার সম্পর্কে অনেক অজানা তথ্য। তাছাড়া তার পরিবারের ব্যক্তিগত আর্কাইভ থেকেও যুক্ত করা হয়েছে অনেক অপ্রকাশিত ছবি ও ভিডিও।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এক বিবৃতিতে রবার্টসন বলেন, ‘পেরিকে যারা কাছ থেকে চিনতেন ও ভালোবাসতেন, তাদের মাধ্যমে দর্শকদের সামনে তার তারকা-পরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে তুলে ধরাই এই তথ্যচিত্রের অন্যতম লক্ষ্য।’

ম্যাথিউ পেরি। ছবি : সংগৃহীত

তথ্যচিত্রটিতে একজন তরুণ কমেডিয়ান থেকে টেলিভিশনের অন্যতম পরিচিত তারকা হয়ে ওঠার ম্যাথিউর যাত্রা তুলে ধরা হবে। একই সঙ্গে পরিবার, বন্ধু ও তার সঙ্গে কাজ করা সৃজনশীল ব্যক্তিদের বয়ানে উঠে আসবে অভিনেতার ব্যক্তিজীবনের নানা দিক ও সংগ্রামের গল্প।

১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ২৩৬ পর্বের ‘ফ্রেন্ডস’ সিরিজে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকা বনে যান ম্যাথিউ পেরি। তাঁর অনবদ্য কমেডি টাইমিং ও আত্ম-পরিহাসের রসবোধ চ্যান্ডলারকে সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত করেছিল।

তবে সিটকমের বাইরেও নিজের জীবনের নানা কঠিন অধ্যায় নিয়ে অকপট ছিলেন ম্যাথিউ। বিশেষ করে মাদকাসক্তির সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের কথা বছরের পর বছর প্রকাশ্যে বলেছেন। অভিনেতার মৃত্যুর পেছনেও অতিরিক্ত মাদকের প্রভাব উল্লেখ করেছিলেন চিকিৎসকরা।

কেআই