২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মন্দিরা চক্রবর্তী। রূপ-লাবণ্যে নজর কাড়েন দর্শকের। তাকে ঘিরে সম্ভাবনার আলোও জ্বলে ওঠে। এরপর গত বছরের জুনে তিনি পর্দায় আসেন ‘নীলচক্র’ সিনেমায়।
তারপর থেকে আর পর্দায় নেই মন্দিরা। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যায়নি তার নাম। তবে কি অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি?
একদমই তা নয়, মন্দিরা জানালেন, পর্দায় অনুপস্থিত থাকলেও আদতে তিনি অভিনয়েই আছেন। নিয়মিত নিজেকে প্রস্তুত করছেন। মন্দিরা জানান, এখন তার হাতে দুটি সিনেমা রয়েছে। এ বছরেই শুরু হবে একটির শুটিং। এখন সেটারই প্রস্তুতিতে সময় দিচ্ছেন তিনি। আর দ্বিতীয় সিনেমাটি হবে আগামী বছর।
নতুন সিনেমার খবর জানালেও নাম-তথ্য কিছুই জানাননি মন্দিরা। সঙ্গত কারণে সেসব রেখেছেন গোপন। এদিকে নতুন সিনেমার রিহার্সালের বাইরে অভিনয় নিয়ে প্রশিক্ষণও নিচ্ছেন মন্দিরা। প্রতি মাসেই অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, শোবিজে মন্দিরার পথচলা বেশ আগেই শুরু হয়েছিল। শুরুটা নৃত্য প্রতিযোগিতা দিয়ে। এরপর বিজ্ঞাপনচিত্র, নাটক, মিউজিক ভিডিও এসব করেছেন। ‘কাজলরেখা’ দিয়ে সিনেমায় অভিষেকের পর থেকে বড় পর্দা নিয়েই তার যত পরিকল্পনা।
কেআই
