অটোরিকশা দুর্ঘটনা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে অনেকেই এর শিকার হচ্ছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এর শিকার হলেন অভিনেত্রী এলিনা শাম্মী। আজ (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে নিজের একটি ছবি যুক্ত করেছেন এলিনা। তাতে দেখা যায়, মাথাভর্তি ব্যান্ডেজ। বোঝার বাকি নেই, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। এলিনা জানান, তার কপাল ও মাথার দুটি স্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) পোস্টে এলিনা শাম্মী বলেন, “আজ আমার শুটিং ছিল, সাজ্জাদ সুমন ভাইয়ের ‘খুশবু’ ধারাবাহিকের। গতকাল সন্ধ্যায় শুটিংয়ের জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছিলাম। অটোরিকশায় উঠলে সবসময় কেমন যেন অস্থিরতা কাজ করে। চালকদের জীবনপণ সতর্ক করতে থাকি ‘মামা আস্তে যান’। কালও এর ব্যতিক্রম ঘটেনি। বারবার বলেছি, কখনও উচ্চস্বরে বলেছি ‘আস্তে যান আপনি!’ কে শোনে কার কথা! বাতাসের সাথে পাল্লা দিয়ে সে ছুটছে। ফলে যা হবার তাই হয়েছে।”
দুর্ঘটনার বর্ণনা দিয়ে এলিনা শাম্মী তার পোস্টে লেখেন, ‘একটা পাথর জাতীয় কিছু রিকশার সরু চাকার নিচে এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে চালক উড়ে গেলো একদিকে। আমি উড়ে এসে পড়লাম রাস্তায়। আর রিকশা আমার উপর। রিকশার চাকার স্ক্রু সম্ভবত আমার কপাল চিরে দিল। মাথার সামনের অংশ থেতলে গেছে! এমনভাবে রক্ত ছিটকে পড়লো যেন কাঁচের জার ভেঙে পানি বের হচ্ছে।’
অভিনেত্রী জানান, আহত অবস্থায় হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে তিনি নিজেই হাসপাতালে যান। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন।
দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করে এলিনা লেখেন, “আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ, এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি। এখানে খাবারে বিষ, ভেজাল ওষুধ, ট্রাফিকের অব্যবস্থাপনা, গাড়ির দূষিত কালো ধোঁয়া, মদ্যপ ড্রাইভারদের বেপরোয়াড়পনা ইত্যাদি। এত বিস্তারিত মনে করে লেখার এনার্জি এখন নাই। এই সময়ের সবচেয়ে ভাইরাল মৃত্যুফাঁদ হচ্ছে ‘টেসলা’।”
সবশেষে প্রাণ রক্ষায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলিনা। তার এ পোস্টে অনেকেই সহমর্মিতা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে শাহ আলম কিরণের ’৭১ এর মা জননী’ দিয়ে সিনেমায় অভিষেক হয় এলিনা শাম্মীর। ২০২১-এ রায়হান রাফীর ‘জানোয়ার’-এ অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘বিউটি সার্কাস’, ‘উনিশ ২০’, ‘লোকাল’, ‘মুজিব’, ‘দরদ’, ‘ছায়াবৃক্ষ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করেন।
কেআই
