নন্দিত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ দিবস শুক্রবার। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তিনি পাড়ি জমান অনন্তলোকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আয়োজন করছে আর্টিস্ট ক্লাব।
৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে আর্টিস্ট ক্লাবের লাউঞ্জে বসবে ‘আইকনিক টিউজডে’ শীর্ষক এ আয়োজন। এতে গাজী মাজহারুল আনোয়ারের গান ও চলচ্চিত্রজীবন নিয়ে আলোচনা হবে। থাকবে সংগীত পরিবেশনাও।
অনুষ্ঠানে গাজীর জীবন ও কর্ম নিয়ে কথা বলবেন তার স্ত্রী জোহরা গাজী ও তার পুত্র সরফরাজ আনোয়ার উপল। আলোচনা শেষে থাকবে গানের পর্ব। এতে গাজী মাজহারুল আনোয়ার রচিত জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন শিল্পীরা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আয়োজনটি নিয়ে গাজী-পুত্র উপল বলেন, ‘আর্টিস্ট ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা একটি সুন্দর উদ্যোগ নিয়েছে। আমাদের গান, চলচ্চিত্র ও সংস্কৃতির গুণীদের নিয়ে তাদের এই আয়োজন-উদযাপন সত্যিই প্রশংসার দাবিদার। বাবার প্রতি এই সম্মান আমাদের পরিবারের জন্যও সম্মানের।’
উল্লেখ্য, বাংলা গানের অন্যতম সেরা গীতিকবিদের একজন গাজী মাজহারুল আনোয়ার। জীবদ্দশায় ২০ হাজারের বেশি গান রচনার রেকর্ড রয়েছে তার। এর মধ্যে কালজয়ী গানের তালিকাও দীর্ঘ। এছাড়া তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করেছেন। ২০০২ সালে একুশে পদক ও ২০২১ সালে তিনি স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন।
কেআই
