বেশ কিছুদিন আগে এই সিনেমার পোস্টার আসে। চরিত্রগুলোর লুক নিয়ে তোলপাড় তৈরি হয় দর্শকমহলে। টিজার নিয়ে প্রহর গোনা শুরু হয় তখন থেকেই। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর কাঙ্ক্ষিত টিজার।
এক মিনিট ২৬ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে মৃত্যু, রহস্য, কালোজাদু আর শিরদাঁড়া হিম করা এক ভয়ের রাজত্ব। টিজারের পরতে পরতে ছড়িয়ে থাকা সাসপেন্স এরই মধ্যে দর্শকদের মাঝে তুমুল আগ্রহের জন্ম দিয়েছে।
টিজারের শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে এগিয়ে আসা একটি ভয়ংকর হাত দর্শকদের চমকে দেয়। গম্ভীর আবহ মিউজিকের সঙ্গে একে একে দেখা মেলে বাথটাবের ভেতর পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাতের মুঠো, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা অদ্ভুত সব আচারের দৃশ্য।
টিজারে মূলত নাজিফা তুষিকে এক অশুভ শক্তির নজরে পড়া এক বিপর্যস্ত, রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যায়। উঠে আসে কালোজাদুর মতো ভয়ঙ্কর বিষয়গুলোও।
এছাড়াও গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরীকে অল্প কয়েক ঝলক দেখালেও তাতে ছিল ব্যাপক রহস্য। তবে সিয়াম আহমেদকে অনেকক্ষণ টিজারে দেখা গেলেও তার চরিত্রটা কি ধরণের, তা এক বড় এক রহস্য হয়ে থেকেছে। কখনো লাশের সামনে চিন্তামগ্ন, তো কখনো অ্যাকশন অবতারে। টিজারের শেষভাগে সিয়ামের জ্বলজ্বলে নীল চোখের চাহনি বিশেষ করে বড় সাসপেন্স রেখেছে।

শোনা যাচ্ছে, দেশের সিনে অঙ্গনে এটি একটি বিগ বাজেটের সিনেমা। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর রোমাঞ্চকর গল্প। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এ চলচ্চিত্রে সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। টিজারেই নিশ্চিত করা হয়েছে, আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
ডিএ
