বিজ্ঞাপন

অনিয়মের অভিযোগ এনে পরিচালক সমিতি থেকে গাজী মাহবুবের পদত্যাগ

অনিয়মের অভিযোগ এনে পরিচালক সমিতি থেকে গাজী মাহবুবের পদত্যাগ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

গাজী মাহবুবের দাবি, সহযোগী ও সাধারণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্র মানা হচ্ছে না। ফলে সিনেমায় নির্দেশনা না দিয়েও অনেকে ভুয়া পরিচালক হিসেবে সদস্যপদ পাচ্ছেন। এছাড়া সমিতির পারিবারিক মিলনমেলা ও ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করায় আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সেই সঙ্গে ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনসংক্রান্ত চলমান মামলা নিয়ে সভায় অস্পষ্টতা এবং সহশিল্পীর আইনি নোটিশ ইস্যুতে সমিতির সহযোগিতা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বারবার এসব অনিয়ম নিয়ে কথা বলেও সুরাহা না পাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানান এই পরিচালক। তবে তার এই অভিযোগ প্রসঙ্গে পরিচালক সমিতির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিএ

বিজ্ঞাপন