বিজ্ঞাপন

‘হ্যারিপটার’ সিরিজ

পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি দর্শক

পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি দর্শক

সামাজিক মাধ্যমে দীর্ঘ আলোচনা ও বিতর্ক হয়েছিল। এবার তার অবসান ঘটিয়ে ভক্তদের মন জয় করে নিচ্ছে কালজয়ী ‘হ্যারিপটার’-এর নতুন সিরিজের চরিত্রগুলো। 

চলতি বছরের মার্চে সিরিজটির ফার্স্ট লুক প্রকাশের পর যা নিয়ে তৈরি হয়েছিল চরম অসন্তোষ ও হতাশা। তবে এবার ট্রেলার প্রকাশের পর সেই চিত্রে এসেছে আমূল পরিবর্তন। এখন নতুনদের দেখে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হ্যারি পটার অনুরাগী ও দর্শকরা।

এর আগে গত মার্চে যখন প্রথম সিরিজটির ঘোষণা ও প্রাথমিক লুক প্রকাশ্যে আনা হয়, তখন সামাজিক মাধ্যমে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের মতো মূল তারকাদের অনুপস্থিতি এবং জাদুর সেই চেনা আবহের ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ভক্তরা। নতুন শিশুশিল্পীদের উপস্থাপন নিয়েও উঠেছিল নানা প্রশ্ন।

তবে ট্রেলার প্রকাশের পর রাতারাতি পাল্টে গেছে সেই দৃশ্যপট। হগওয়ার্টস স্কুলের চেনা পরিবেশ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর ঝলক দর্শকদের আবেগপ্লুত করে তুলেছে। পুরোনো চেনা মুখগুলোর জায়গা কে নেবেন—এ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গিয়ে নতুনদের ওপর ভরসা রাখছেন দর্শকরা। বিশেষ করে নতুন ‘হারমায়োনি’ চরিত্রটির উপস্থাপন সবার আলাদা নজর কাড়তে সক্ষম হয়েছে।

ঝলক দেখে অনলাইনে অনুভূতি প্রকাশ করে এক ভক্ত লিখেছেন, “মনে হচ্ছে আবারও নিজের পুরোনো ঘরে ফিরে এলাম।” অপর এক অনুরাগীর মতে, এটি স্রেফ কোনো রিমেক নয়, বরং পুরো গল্পকে দীর্ঘ পরিসরে নতুনভাবে উপভোগ করার দুর্দান্ত একটি মাধ্যম হতে যাচ্ছে।

জে কে রোলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া এই টিভি সিরিজটিতে মূল বইগুলোর প্রতিটি অধ্যায় বিশদভাবে ফুটিয়ে তোলা হবে। সিনেমার চেয়েও গভীর প্রেক্ষাপট নিয়ে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় উন্মোচিত হতে যাচ্ছে কালজয়ী এই জাদুর দুনিয়া।

ডিএ

বিজ্ঞাপন