নজরুলগীতি নিয়ে রত্না দাসের দীর্ঘদিনের চর্চা ও সাধনা। নজরুলের রচিত গানের সংখ্যা প্রায় চার হাজার। তবে এর মধ্যে খুব অল্প সংখ্যক গানই সবাই করেন। তাই রত্না দাস চেষ্টা করে যাচ্ছেন, অল্পশ্রুত গানগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে।
এরই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে এলেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’। কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সম্প্রতি গানটি রত্না দাসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আর ভিডিওর সিনেমাটোগ্রাফিতে রয়েছেন শায়ান তানজিল। ভিডিওতে শিল্পী নিজেই গায়িকার ভূমিকায় হাজির হয়েছেন।
এই গান নিয়ে শিল্পী রত্না দাসের ভাবনা এরকম, ‘গানে কবি পুরোনো চাঁদ বলতে মূলত ভালোবাসার আকাঙ্খার পুনর্জন্মকে বুঝিয়েছেন। একসময় যে ভালোবাসা বা মানুষকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল, তাকেই বুকে টেনে নেবার আকাঙ্খা। গানটির কেন্দ্রীয় বাণীকে এভাবে বলা যায়, পুরনো প্রেম ফিরে এসেছে সাথে পুরনো বেদনাও জেগেছে। আমি চেষ্টা করেছি গানটির মূল আবেদন গায়কীর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
কেআই
