বিজ্ঞাপন

কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

লম্বা কোঁকড়া চুলের এক তরুণ। হেসে-খেলে গেয়ে যাচ্ছে গান। তরুণদের অনেকেই তাকে চেনে। নাম মার্টিন সবুজ হাঁসদা। নানা জনপ্রিয় গান কাভারের পাশাপাশি নিজের মৌলিক গানেও তার অবস্থান স্পষ্ট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্টিন প্রকাশ করলেন নতুন গান ‘যারা ছেড়ে চলে যায়’।

এটি মূলত কবিতা থেকে বোনা গান। কবিতাটি স্বপ্নীল চক্রবর্ত্তীর। আর সেটাকে সুরের ছাঁচে ফেলেছেন মার্টিন। সংগীত আর কণ্ঠেও আছেন তিনি।

গানটি নিয়ে মার্টিনের মন্তব্য এরকম, ‘স্বপ্নীল দার এই কবিতা আমার খুব পছন্দের। সেই ভালোলাগার জায়গা থেকেই কবিতাটিকে গানে রূপান্তর করেছি। চেষ্টা করেছি এর অন্তর্নিহিত বাণীকে সুরে ফুটিয়ে তুলতে। প্রকাশের পর থেকে অনেকে ভালোবাসাও দিচ্ছেন। আশা করছি, আরো অনেকেরই ভালো লাগায় জায়গা করে নেবে এই গান।’

মার্টিন সবুজ হাঁসদার জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। ছোটবেলা থেকে গান-বাজনার সঙ্গে যুক্ত। তবে প্রাতিষ্ঠানিকভাবে তালিম নেওয়া হয়নি। একেবারেই মনের ভালোলাগা থেকে গানে আসা। মূলত বাদ্যযন্ত্রের প্রতি তার নেশা। এক এক করে শিখে ফেললেন অনেক বাদ্যযন্ত্রের কৌশল। খঞ্জনি থেকে শুরু করে মন্দিরা, তবলা, হারমোনিয়াম, গিটার, ড্রামস, পিয়ানো, হার্মোনিকা, মেলোডিকা, বাঁশি, সাঁওতালি তুন্দাক, টামাক, ভায়োলিন, সান্তুর, দোতারা, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, খমকসহ অনেক বাদ্যযন্ত্র তার আয়ত্বে।

মার্টিন সবুজ হাঁসদা

মেধাবী এই তরুণ গাইতে শুরু করেন কিশোর বয়সে। ২০১৭ সালে বন্ধুদের নিয়ে শুরু করেন গানের দল ‘স্বরে-অ’। এখনো এই দল নিয়েই গান করে যাচ্ছেন তিনি। নিজের লেখা-সুরেই গান করেন মার্টিন। এ পর্যন্ত ১০টি মৌলিক গান প্রকাশ করেছেন। এ বছর আরও দু’একটা গান অন্তর্জালে আনতে চান তিনি।

বাংলার পাশাপাশি সান্তালি,নেপালি,হিন্দি, অসমিয়া গানও করেন মার্টিন। বিশেষ করে সান্তালি গান নিয়ে তার বড় স্বপ্ন রয়েছে। মূল ধারার সবাইকে এ গান শোনাতে চান তিনি। এর মধ্য দিয়ে যেন তাকেও সকলে চেনে, স্বপ্ন সেটাই। বাহারি বাদ্যযন্ত্র আর বিভিন্ন ভাষায় বৈচিত্র্যময় সংগীতের এ পথচলা অব্যাহত রাখতে চান তিনি।

কেআই

বিজ্ঞাপন