সালমান শাহ—বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিস্ময় এবং আক্ষেপের নাম। মাত্র তিন বছরের ক্যারিয়ারে বদলে দিয়েছিলেন ঢালিউডের গতিপথ। কিন্তু তার আচমকা রহস্যমৃত্যুতে হাওয়ায় মিলিয়ে গেছে সেই সম্ভাবনা। আজ এই কালজয়ী অভিনেতার রহস্য-মৃত্যুর তিন দশক। ১৯৯৬ সালের আজকের দিনেই তিনি চলে গেছেন অনন্তলোকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর কথা মনে করে আবেগঘন বার্তা দিয়েছেন শাবনূর। তিনি লেখেন, ‘আজও বিশ্বাস হয় না তুমি নেই সালমান। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে।’

তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত। তোমার ৩০তম প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

নব্বই দশকের আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী সেই সময়ের এক বিরল মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখেছেন, ‘এই ছবিটা একটা ঐতিহাসিক দলিল—বেস্ট অব ৯০। ছবিতে হিরো নাঈম, চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু, আমিন খান ও আমি। এই ছবি তোলার কিছুদিন পরেই ঘটে সালমান শাহর অপমৃত্যু কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ড। আজ তার মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
শুধু সমসাময়িক অভিনয়শিল্পীরাই নন, সালমান শাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢালিউডের বর্তমান মেগাস্টার শাকিব খানও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান 'এসকে ফিল্মস'-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিশেষ ফটোকার্ড প্রকাশের মাধ্যমে রাজপুত্রকে স্মরণ করেন তিনি। সেখানে এক বার্তায় লেখা হয়, ‘শান্তিতে থাকুন অমর নায়ক সালমান শাহ।’
এমআইকে
