বিজ্ঞাপন

‘মির্জাপুর’ চলাকালে প্রেক্ষাগৃহে মদ্যপদের তাণ্ডব, অতঃপর...

‘মির্জাপুর’ চলাকালে প্রেক্ষাগৃহে মদ্যপদের তাণ্ডব, অতঃপর...

ভারতের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি ‘মির্জাপুর’-এর ফ্র্যাঞ্চাইজি। যার প্রতিটি সিজন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার প্রেক্ষাগৃহে চালানোর জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে তা। নাম রাখা হয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও যেমন ঊর্ধমুখী, তেমনি বক্স অফিসেও মিলছে ভালো সাড়া। এমন সময়ে সিনেমাটি চলাকালীন ভারতের একটি প্রেক্ষাগৃহে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। 

দেশটির নয়ডা এলাকায় সিনেমাটি দেখতে গিয়েছিলেন এক কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু হলো তিক্ত অভিজ্ঞতা। প্রেক্ষাগৃহে মদ্যপদের আনাগোনা, এক পর্যায়ে বিশৃঙ্খলা। পরিস্থিতি বেগতিক হওয়াতে শোয়ের মাঝ অবস্থাতেই ওই কনটেন্ট ক্রিয়েটরসহ বেরিয়ে পড়েন দর্শকেরাও।

সামাজিক মাধ্যমে অনামিকা নামের ওই কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, সিনেমার মান খারাপ হওয়ার কারণে নয়, বরং দর্শকদের বাজে আচরণের কারণেই প্রেক্ষাগৃহ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। তার দাবি, অনেক দর্শক মদ্যপ অবস্থায় হলে প্রবেশ করায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং বিরক্ত হয়ে অন্য দর্শকেরা হট্টগোলকারীদের বের করে দেওয়ার দাবি জানাতে থাকেন।

পরিস্থিতি এতটা খারাপ হতে পারে তা ধারণার বাইরে ছিল উল্লেখ করে তিনি জানান, সিনেমাটি ভালো লাগা সত্ত্বেও হলের অস্বস্তিকর পরিবেশের কারণে শেষ পর্যন্ত তাদের মাঝপথেই বের হয়ে আসতে হয়।

সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পর নেটিজেনরা তাদের হল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে সমর্থন জানান। 

প্রসঙ্গত, গুরমিত সিং পরিচালিত ও পুনীত কৃষ্ণের রচনায় ‘মির্জাপুর’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও দিব্যেন্দু। তবে সিরিজে বাবলু পণ্ডিত চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসির জায়গায় সিনেমাটিতে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। 

ডিএ

বিজ্ঞাপন