চট্টগ্রামকে বলা যায় বাংলার ব্যান্ড-ভূমি। দেশের সর্বাধিক ব্যান্ড তারকা উঠে এসেছেন এই অঞ্চল থেকে। আর সেই শহরে দীর্ঘ পাঁচ বছর পর গান করতে যাচ্ছে ব্যান্ড ‘অর্থহীন’। ১১ সেপ্টেম্বর নগরীর নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে ‘অর্থহীন’ ছাড়াও থাকছে আরো পাঁচ ব্যান্ড; সেগুলো হলো অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
গেল জুলাইতে ঢাকায় হয়েছিল ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। সেখানে পারফর্ম করেছিল আট ব্যান্ড। ছিল ‘অর্থহীন’ও। আর ওই কনসার্ট দিয়েই দীর্ঘ ১৬ মাস পর মঞ্চে ফেরে বেজবাবা সুমনের ব্যান্ডটি। এবার একই আয়োজনের হয়ে চট্টগ্রাম মাতাতে যাবেন সুমন ও তার সতীর্থরা।
চট্টগ্রাম কনসার্ট নিয়ে ‘অর্থহীন’-এর ফেসবুক পেজে লেখা হয়েছে, “দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে ‘অর্থহীন’-এর! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?”
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এ। টিকিটের দাম ৯৯৯ টাকা। ১১ সেপ্টেম্বর দুপুনর ৩টায় কনসার্ট শুরু হবে। এর আগে দর্শকদের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ২টায়। কনসার্ট চলবে রাত ১০ টা পর্যন্ত।
কেআই
