বিজ্ঞাপন

বিষাক্ত পোকার কামড় নাকি অন্য কিছু? অসুস্থতা নিয়ে মুখ খুললেন রাজেশ

বিষাক্ত পোকার কামড় নাকি অন্য কিছু? অসুস্থতা নিয়ে মুখ খুললেন রাজেশ

ভারতের দক্ষিণী তারকা প্রভাসের নতুন সিনেমা ‘ফৌজি’র সেটে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত অভিনেতা রাজেশ শর্মা এমনই এক খবর ঘিরে সম্প্রতি তোলপাড় শুরু হয় বিনোদন জগতে। এমনকি শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হয়েছিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। 

তবে সব জল্পনা-কল্পনা ও গুজব পুরোপুরি উড়িয়ে দিয়ে নিজের আসল অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন এই অভিনেতা। প্রভাসের সেটে কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে রাজেশ শর্মা বলেন, ‘কোনো পোকার কামড়ে নয়, বরং দীর্ঘদিন ধরে ডান পায়ের ত্বকের সমস্যায় ভুগছিলান।’

‘পরবর্তীকালে সেই সমস্যা থেকেই পায়ে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়। একই সঙ্গে শরীরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকায় সংক্রমণটি দ্রুত জটিল আকার ধারণ করে।’ পরিস্থিতির অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়।

বিতর্ক প্রসঙ্গে অভিনেতা জানান, হায়দরাবাদে শুটিং চলাকালে তার কোনো সমস্যাই হয়নি। কলকাতায় ফেরার পর ডায়াবেটিসের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় এবং বিষয়টি শুরুতে অবহেলা করায় পায়ের সংক্রমণটি মারাত্মক হয়ে ওঠে। এর পেছনে সিনেমার শুটিং ইউনিট বা প্রযোজকদের কোনো গাফিলতি ছিল না উল্লেখ করে তিনি রটে যাওয়া খবরকে ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে দাবি করেন।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন থাকলেও রাজেশের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো ও স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শে দ্রুতই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরবেন এই অভিনেতা।

এমআইকে

বিজ্ঞাপন