রুবেল—ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ ১৬টি সিনেমা বানিয়েছেন তিনি।
তবে ২০০৮ সালের পর আর সিনেমা পরিচালনা করেননি রুবেল। দেড় যুগ পর ফিরছেন এই ভূমিকায়। নতুন সিনেমা বানাতে চলেছেন রুবেল। নাম ‘ছায়া : দ্য শ্যাডো’। আর এই সিনেমায় নায়ক হবেন জয় চৌধুরী। যিনি কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন।
জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে ‘ছায়া : দ্য শ্যাডো’ সিনেমার শুটিং। এর গল্পটা হবে একটি ভাইরাসকেন্দ্রিক। এতে জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান’ হিসেবে দেখা যাবে পর্দায়। তার সঙ্গে নায়িকা হিসেবে বাংলাদেশ এবং কলকাতা থেকে দুজন থাকবেন। তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি।
সিনেমাটি নিয়ে রুবেল যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে গণমাধ্যমকে খবরটির সত্যতা জানিয়ে জয় চৌধুরী বলেছেন, গল্প-পরিকল্পনা সবই চূড়ান্ত। এখন চলছে প্রস্তুতি। সবকিছু গোছানো শেষে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, রুবেল সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ সিনেমাটি বানিয়েছিলেন। এরপর নির্মাণ থেকে যেমন দূরে সরে যান, তেমনি সরে গেছেন অভিনয় থেকেও। অনেক দিন ধরে তাকে অভিনয়েও সেভাবে পাওয়া যাচ্ছে না।
কেআই
