বিজ্ঞাপন

রবীন্দ্রনাথের ‘ফরাসি সংযোগ’-এ গাইবেন সঞ্চিতা রাখি

রবীন্দ্রনাথের ‘ফরাসি সংযোগ’-এ গাইবেন সঞ্চিতা রাখি

ফরাসি সাহিত্য-সংস্কৃতির সঙ্গে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংযোগ ছিল নিবিড়। কবির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ থেকে শুরু করে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা, নানা পর্যায়ে ফ্রান্সের গুণীজনদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল।

কবিগুরুর সেই ফরাসি অধ্যায় নিয়ে বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভ্যাগে হবে অনুষ্ঠানটি।

বিশেষ এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী সঞ্চিতা রাখি। সেই সঙ্গে ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ থেকে কবিতা পাঠে অংশগ্রহণ করবেন ফ্রাঁসোয়া শঁব্রো। রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সম্পর্ককে উদ্‌যাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সঞ্চিতা রাখি বলেন, ‘এটি বিশ্লেষণধর্মী সংগীতসন্ধ্যা। কবিগুরুর ভিন্ন মেজাজের কিছু গান পরিবেশন করব। আয়োজনটি সবার জন্যই থাকবে উন্মুক্ত। তবে যেহেতু আসন সংখ্যা সীমিত; তাই আগ্রহীদের আগেভাগে আসাই শ্রেয়।’

অনুষ্ঠানের পোস্টার

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীত বিভাগে উচ্চাঙ্গসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সঞ্চিতা রাখি। এরপর ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে কিছুদিন ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিক্ষকতা করেন। এখন পড়ান অন্য একটি প্রতিষ্ঠানে। পাশাপাশি নিজের সংগীতচর্চাও রেখেছেন অব্যাহত।

নিজের ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত অর্ধ শতাধিক গান প্রকাশ করেছেন সঞ্চিতা রাখি। এর পাশাপাশি সরাসরি অনুষ্ঠানে পরিবেশনাও করে চলেছেন এ শিল্পী।

কেআই