প্রথম সন্তান আগমনের সময় ঠিক যেভাবে সাদাকালো ফ্রেমে ক্যামেরাবন্দি হয়েছিলেন, এবারও প্রায় একই ধাঁচে নতুন অতিথিকে বরণের আনন্দ ভাগ করে নিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে সময় বদলেছে, বদলেছে ফ্রেমের গল্পও। প্রথমবার যখন ছবিগুলো তুলেছিলেন, তখন দীপিকার গর্ভে বেড়ে উঠছিল তাদের প্রথম সন্তান দুয়া। আর এবার বছর কয়েক পেরিয়ে সেই ছোট্ট দুয়াকে হাত ধরে পাশে নিয়েই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর আনন্দে মাতলেন এই তারকা দম্পতি।

কন্যা দুয়ার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে নতুন মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন রণবীর ও দীপিকা। প্রথম সন্তান আসার সময় যেমন সাদাকালো আমেজে পরস্পরের ভালোবাসায় ধরা দিয়েছিলেন তারা, এবারও সেই চেনা আমেজ ধরে রেখে ফ্রেমে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা। সেটি তাদের কন্যা দুয়া।
ছবিগুলোতে দেখা যায়, সাদা লেসের পোশাকে দীপিকার বেবি বাম্প স্পর্শ করে পরম মমতায় তাকিয়ে আছেন রণবীর, আর তাদের মাঝে আদুরে ভঙ্গিতে রয়েছে দুয়া। কখনো নতুন অতিথির দিকে দুয়াকে কৌতূহল ভরে হাত দিতেও দেখা গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে রণবীর-দীপিকারা লিখেছেন, ‘দুয়া ও আমাদের নতুন অতিথি এখন আরও বড় হচ্ছে! সবার আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

নতুন এই ছবিতে দীপিকাকে দেখা গেছে সাদা রঙের অত্যন্ত দৃষ্টিনন্দন একটি লেসের পোশাকে। অন্যদিকে রণবীর সিং এবং মেয়ে দুয়াও পরেছিলেন একই মানানসই পোশাক।

গত ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তান আসার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তার জোয়ার বইছে। নতুন এই ছবিগুলো সামনে আসার পর বরুণ ধাওয়ান, অর্জুন রামপাল, প্রীতি জিনতা, নীনা গুপ্তা ও কাজল আগরওয়ালের মতো তারকারা দম্পতিকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।
ডিএ
