বিজ্ঞাপন

বাংলা সিনেমার ভেনিস জয়, ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বাংলা সিনেমার ভেনিস জয়, ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বাংলাদেশের সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে এল বড় প্রাপ্তির সুখবর। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে সিনেমাটি। এর মাধ্যমে এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন রুবাইয়াত হোসেন। 

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াতের হাতে এই পুরস্কারটি তুলে দেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু একটি পোস্টের মাধ্যমে এই অর্জনের খবরটি নিশ্চিত করেছেন।

হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা সিনেমাগুলো ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল শাখায় (অরিজন্তি বিভাগে) বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি মনোনয়ন পেয়েছিল। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ার হওয়ার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমাটির ব্যাপক প্রশংসা পায়। 

এবার মূল পুরস্কার ঘোষণার আগেই এই সুসংবাদ পেলেন রুবাইয়াত। পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে গত ২ সেপ্টেম্বর শুরু হয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। এদিনই অফিশিয়াল শাখার পুরস্কার দেওয়া হবে, যেখানে অরিজন্তি বিভাগেও লড়ছে বাংলাদেশের এই সিনেমা।

নির্মাতা রুবাইয়াত হোসেন 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী এবং রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। ভেনিসের গণ্ডি পেরিয়ে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।

ডিএ

বিজ্ঞাপন