সামাজিক মাধ্যমে আচমকাই অতীতে ফেরার ট্রেন্ড শুরু হয়েছে। দিনকয়েক ধরে আশি কিংবা নব্বইয়ের দশকের লুকে নিজেদের মেলে ধরছেন নেটিজেনরা। এই নস্টালজিয়ার মাঝেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সোনালি স্মৃতিতে ডুব দিলেন দলটির প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।
সদ্য নিজের সামাজিক মাধ্যমে ব্যান্ডটির শুরুর দিকের অর্থাৎ নব্বই দশকের পুরোনো একটি ছবি প্রকাশ করলেন, সেই সঙ্গে ভক্তদেরও করলেন নস্টালজিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়ারফেজ: ফেব্রুয়ারি ১৯৯৩ লাইনআপ! ওই কনসার্টে আমরা সাতজন পারফর্ম করেছিলাম। বলুন তো কে কে?’
ছবিটি প্রকাশ পেতেই ভক্তদের মাঝে তুমুল আগ্রহের সৃষ্টি হয়। মন্তব্যের ঘরে অনেকেই সেই সাতজনকে চিনে নেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ ছবিতে কমল ছাড়াও টিপু, বাবনা, সঞ্জয়, রাসেল ও ফুয়াদ ইবনে রাব্বীর মতো সংগীতজ্ঞদের চিনে নেওয়ার কথা জানিয়েছেন।
তবে ছবিতে থাকা সদস্যদের নির্দিষ্ট পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে এক আড্ডার আবহও দেখা গেছে।
তবে শুধু নিজের ব্যান্ডদল নিয়েই নয়, আশির দশকে নিজেকে নিয়েও খানিকটা স্মৃতিচারণ করলেন এই প্রখ্যাত গিটারিস্ট। তার অপর একটি পোস্টে দেখা যায়, নিজের তরুণ বয়সের একটি ছবি শেয়ার করেছেন। তার ওপর লেখা, '১৯৮৬'। ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকে আমি ছিলাম সুপার কুল।
উল্লেখ্য, চার দশক ধরে ওয়ারফেজের সংগীতযাত্রা অব্যাহত রেখেছেন ইব্রাহিম আহমেদ কমল। ১৯৮৪ সালে গঠিত হওয়া এই ব্যান্ডের শুরুর দিনগুলোতে বেজ গিটার বাজাতেন তিনি। পরবর্তীতে ১৯৮৭ সালের শেষের দিকে লিড গিটারিস্ট হিসেবে নিজের দায়িত্ব শুরু করেন এই সংগীতজ্ঞ।
১৯৯১ সালে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে মূলধারার সংগীতে তুমুল জনপ্রিয়তা লাভ করে ওয়ারফেজ। সময়ের সাথে সাথে দলটির সদস্যতালিকায় ব্যাপক পরিবর্তন এলেও তাদের অবদান, জনপ্রিয়তা এখনও অমলিন। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, সৌমেন দাস এবং পলাশ নূরকে নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ারফেজের যাত্রা।
ডিএ
