গানের নাম ‘কাহিনি এখনো বাকি’। কোন কাহিনি? শুনলে আর দেখলে তার কিছুটা আঁচ পাওয়া যায়। সেই ফেলে আসা সময়, নব্বই দশকের ঝিরঝির কিন্তু রঙিন আর চিরসবুজ সময়। সেই সময়েরই কাহিনি যেন ফিরে এলো গানের কথা-সুর আর দৃশ্যায়নে।
গানটি মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’র। গানটির কথা, সুর ও সংগীতায়োজন সৈয়দ নাফিসের; তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন মৌমিতা বড়ুয়া। এর আগে তাদের ‘প্রেমের মতন লাগে’ গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।
নতুন গান নিয়ে শ্রোতাদের উদ্দেশে মৌমিতা বললেন, ‘গানটা আমার খুব পছন্দের, কারণ যেই সময়ের কথা ভেবে এই গান, ওই সময়টা আমাদের একটা প্রজন্মের ভীষণ প্রিয়। সেটা হলো নব্বই দশক। শুনে দেখুন, মনে হবে এটা সেই সময়!’

গানের দৃশ্যে সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর রসায়নে পুরনো দিনের আবহ খুঁজে পাচ্ছেন দর্শক। ওয়েব সিনেমাটির গল্পও সেই সময়ের কথাই বলবে। যদিও এর গোমর এখনই ফাঁস করতে চাইছেন না নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। কেবল এটুকু বলেছেন, ‘এটি মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আরমান বিন মাহমুদ।
কেআই
