পপ সংগীতের অন্যতম ‘রানি’ লেডি গাগা। অভিনয়েও তার আলাদা পরিচিতি রয়েছে। নন্দিত এই তারকার বয়স এখন ৪০। আর এই বয়সেই প্রথম সন্তানের মা হলেন তিনি। খবরটি সামনে এনেছে পেজ সিক্স।
খবর অনুযায়ী, লেডি গাগা ও তার বাগদত্তা মাইকেল পোলানস্কি তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তবে সন্তান ছেলে নাকি মেয়ে, কবে জন্মগ্রহণ করেছে, সেসব তথ্য আপাতত গোপন রয়েছে। পেজ সিক্সের প্রতিবেদন বলছে, সন্তানের সঙ্গে গাগা ও পোলানস্কিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় দেখা গেছে।
প্রতিবেদনে কিছু ছবিও প্রকাশ করেছে বিনোদন মাধ্যমটি। তাতে স্পষ্ট দেখা গেল, সন্তানকে বুকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন লেডি গাগা। সঙ্গে রয়েছেন পোলানস্কিও।

মা হওয়ার ইচ্ছের কথা বহু আগেই জানিয়েছেন লেডি গাগা। ২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে জানান, তিনি সিনেমায় আরো কাজ করতে চান এবং কাজের পাশাপাশি সন্তানের মা হতে চান। পরের বছরও তার মুখ থেকে মা হওয়ার ইচ্ছের কথা শোনা গিয়েছিল। এবার সেই ইচ্ছেটাই যেন পূরণ করে নিলেন গায়িকা-অভিনেত্রী।
উল্লেখ্য, মাইকেল পোলানস্কি একজন প্রযুক্তি উদ্যোক্তা। ২০২০ সালে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে লেডি গাগার। ওই বছর সুপার বোলের সময় মায়ামিতে তাদের একসঙ্গে দেখা যায়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। মহামারি করোনার সময়ে তারা গাগার বাড়িতে একসঙ্গেই ছিলেন।

২০২৪ সালের জুলাইয়ে তাদের বাগ্দানের খবর সামনে আসে। প্যারিস অলিম্পিকের সময়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সঙ্গে পোলানস্কিকে নিজের ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেন আতাল। তারপর থেকে আর কারো বুঝতে বাকি নেই, গাগা ও পোলানস্কি ঘর করছেন।
কেআই
