বিজ্ঞাপন

এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক

এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক

‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’—হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, লিখেছিলেন মুকুল দত্ত। সে গানের লাইন থেকে রাখা হয়েছে নাটকের নাম ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের এই নাটক ১০ সেপ্টেম্বর এসেছে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে।

মুক্তির পর থেকে সাড়াও পাচ্ছে বেশ। এরই মধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫১ লাখ। ইউটিউবে মন্তব্যের সংখ্যা প্রায় দেড় হাজার। অনেকে ভালোলাগাও প্রকাশ করছেন।

তবে বিপত্তি ঘটল অন্যত্র। নাটকটির গল্পে মইন খান চরিত্রে আছেন মুশফিক আর ফারহান। যে একসময় গরিব থাকে, সে কারণে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। এক পর্যায়ে মইন বিসিএস ক্যাডার হয়, পায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ।

এখান থেকেই নানা ভুল ধরছেন সচেতন দর্শক। নাটকে দেখা যায়, চাকরির প্রথম দিনেই ইউএনও পদে যোগদান করে মইন। যেটা পুরোপুরি অবাস্তব। অ্যাডমিন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রিট হিসেবে অনেক বছর চাকরি করে পদোন্নতি পেয়ে তারপর ইউএনও হতে হয়। এখানেই শেষ নয়, নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ বলা হয়, এরকম কোন পদও বাংলাদেশের সরকারি চাকরিতে নেই। এছাড়া নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করার কারণেও অনেকে সমালোচনা করছেন।

নাটকটির দৃশ্যে মুশফিক আর ফারহান

তানভীর খালেদ নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘এ দেশে নাট্য ইন্ডাস্ট্রি নষ্টদের অধিকারে চলে গেছে। আগে এফডিসিতে সিনেমা বানাত আলু পটল ব্যবসায়ীরা। এখন নাটক চালায় কাছাকাছি মানের লোক। তাই এসব নাটক তৈরি হয়। ক’দিন পূর্বে জোভানের নাটকে বিসিএস ক্যাডারকে ভুলভাবে উপস্থাপন; আর আজ মুশফিক ফারহানের নাটকে! অথচ পাশের দেশে চাকরির সংগ্রাম নিয়ে কী সুন্দর নাটক-সিনেমা হচ্ছে!’

মোহাম্মদ রবিন পারভেজ নামের আরেক দর্শক লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, আসছে এসোসিয়েট ম্যাজিস্ট্রেট। মানে, এসব নাটক বানানোর আগে ন্যূনতম পড়াশোনাও করে না? এখন তো এআইকে বললেও এসব তথ্য দিয়ে যায়। কিছুদিন আগে বানিয়েছিল পররাষ্ট্র ক্যাডার নিয়ে। কতটা অযোগ্য লোকজন আমাদের দেশে নাটক বানায়! ভাই, আপনারা ক্যাডার সার্ভিসকে মাফ করে দেন।’

নাটকটির সমালোচনায় নানা পোস্ট

এরকম আরো বহু পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে। যদিও বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে ফারহানের সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজা প্রমুখ। নাটকের সংগীত করেছেন সালাম জিম।

নাটকের আরেকটি দৃশ্যে অর্চিতা স্পর্শিয়া ও মুশফিক আর ফারহান

প্রসঙ্গত, কিছুদিন আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও হাসাহাসি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে দৃশ্যে বিসিএসে পররাষ্ট্র ক্যাডার হিসেবে নিজেকে পরিচয় দেয় গল্পের নায়ক তথা ফারহান আহমেদ জোভান। নাটকটিতে তার সঙ্গে আছেন আইশা খান।

কেআই