সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আন্তর্জাতিক সংগীতের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। লন্ডনের মর্যাদাপূর্ণ ওয়েম্বলি স্টেডিয়ামে একক পারফর্ম করে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ইতিহাস গড়লেন এই গায়ক ও অভিনেতা। ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি ছিল তার 'অরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬'-এর অন্যতম প্রধান আকর্ষণ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েম্বলির মঞ্চে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েই লন্ডনের দর্শকদের মাতান দিলজিৎ। নিজের বিখ্যাত সংলাপটি বদলে তিনি মঞ্চে উঠে বলেন, ‘ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা, এই মুহূর্তটি ইতিহাসে লেখা থাকবে।’ পুরো কনসার্টজুড়ে তিনি একে একে উপহার দেন 'জি.ও.এ.টি.', 'লাভার', 'হাস হাস' ও 'বর্ন টু শাইন'-এর মতো জনপ্রিয় সব গান।
পাঞ্জাবি লোকসংগীতের সঙ্গে র্যাপ ও হিপ-হপের অপূর্ব মেলবন্ধনে পুরো স্টেডিয়াম উৎসবে মেতে ওঠে। বিশাল এই স্টেডিয়ামেও প্রতিটি ভক্তের সঙ্গে দিলজিতের সরাসরি সংযোগের কারণে পুরো পরিবেশটি হয়ে উঠেছিল ভীষণ সাবলীল ও প্রাণবন্ত। শোর শেষ মুহূর্তে আতশবাজির ঝলকানির মাঝে 'ম্যায় হু পাঞ্জাব' গান পরিবেশন করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন তিনি।

ওয়েম্বলির এই বিশাল সাফল্যের মাঝে নিজের ভারতীয় ভক্তদের জন্য এক বড় চমক নিয়ে আসেন দিলজিৎ। মঞ্চেই ঘোষণা দেন, আগামী ২১ নভেম্বর তিনি ভারতের আমেদাবাদের ঐতিহ্যবাহী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একক কনসার্ট করবেন।
এর আগে এই স্টেডিয়ামটি পুরোপুরি পূর্ণ করে পারফর্ম করেছিল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'। সেই বিষয়টি টেনে রসিকতা করে তিনি বলেন,‘এক দল শ্বেতাঙ্গ স্টেডিয়াম ভরিয়ে পারফর্ম করে গেছে। তাদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন। কিন্তু ভারতে এত বড় স্টেডিয়াম থাকবে আর সেখানে পাঞ্জাবিরা থাকবে না তা তো হতে পারে না।’
প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’ বর্তমানে বিশ্বসংগীতের মঞ্চে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকা ও কানাডার একাধিক বড় বড় শহরে জমকালো সব শো শেষ করে এই ট্যুরটি এখন ইতিহাস গড়ছে ইউরোপের বুকেও।
এমআইকে
