বিজ্ঞাপন

ভেনিসের উৎসবে বাংলাদেশ এবং পুরস্কার নিয়ে দুটি বিভ্রান্তি

ভেনিসের উৎসবে বাংলাদেশ এবং পুরস্কার নিয়ে দুটি বিভ্রান্তি

সদ্যই পর্দা নামল বিখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের। পৃথিবীর প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা জায়গা করে নিয়েছিল এবার। রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ লড়েছে উৎসবের হরাইজন (ওরিজন্তি) বিভাগে।

এই সিনেমার জন্য একটি স্বীকৃতিও পেয়েছেন রুবাইয়াত। ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ বা সেরা পরিচালকের পুরস্কার। যেটা দিয়েছেন স্বাধীন সমালোচকরা। নিঃসন্দেহে বিষয়টি মর্যাদার।

তবে অনেকে বিভ্রান্তও হচ্ছেন; ভাবছেন এটি ভেনিস উৎসবের অফিসিয়াল কোনো পুরস্কার। না, তেমনটি নয়। হরাইজন বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘ডায়ান ইন লুপ’। সেরা পরিচালক হয়েছেন জ্যাকলিন লেন্তজু, বিশেষ জুরি পুরস্কার জিতেছে ‘হাউজ অব দ্য উইন্ড’। এই প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিলেও কোনো পুরস্কার জিততে পারেনি বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

স্বীকৃতি হাতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মাতা রুবাইয়াত হোসেন

আরেকটি বিভ্রান্তি ছড়িয়েছে ‘হাওয়াই মিঠাই’ নামের একটি সিনেমা ঘিরে। বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুক পেজে দেখা গেছে, ‘হাওয়াই মিঠাই’-এর জন্য ভেনিসে সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি। অনেকেই ভেবে নিয়েছেন, ভেনিস উৎসবেই তিনি পুরস্কৃত হয়েছেন।

কিন্তু ব্যাপারটি মোটেও তা নয়। রাকায়েতের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি অংশ নিয়েছিল ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ। যেটা ভেনিস উৎসবের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। বরং এটি আয়োজন করে ইতালীর একটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘সেভ দ্য কাট’।

‘হাওয়াই মিঠাই’ নির্মাতা রাকায়েত রাব্বি ও তার পুরস্কারের ট্রফি

এ বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফেসবুক পোস্টে দুটি প্রসঙ্গই তিনি খোলাসা করে বলেছেন, ‘এই দুটির কোনোটিই মূল ভেনিস চলচ্চিত্র উৎসবের পুরস্কার নয়। কিন্তু সেটাই বলছে অনেকে।’

উল্লেখ্য, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিসের পাশাপাশি টরন্টো ও লন্ডন উৎসবেও নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এ তিনটি উৎসবে প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা জায়গা করে নিলো। কোনো পুরস্কার না জিতলেও এই নির্বাচিত হওয়ার বিষয়টিও গৌরবের বটে।

কেআই

বিজ্ঞাপন