বিজ্ঞাপন

তুমিই আসল রকস্টার—কাশ্মীরি গায়কে মুগ্ধ সালমান খান

তুমিই আসল রকস্টার—কাশ্মীরি গায়কে মুগ্ধ সালমান খান

‘বিগ বস ২০’ ঘিরে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই আলোচনা কেড়ে নিয়েছেন কাশ্মীরি গায়ক কাজী তৌকীর। চলতি সিজনের বাকি প্রতিযোগীদের নিয়ে নানামুখী সমালোচনা থাকলেও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে ব্যতিক্রমী স্থান করে নিয়েছেন তিনি। প্রথম ‘উইকএন্ড কা বার’ পর্বে খোদ উপস্থাপক সালমান খানের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়ে এখন টক অব দ্য টাউন এই গায়ক।

শনিবারের পর্বটিতে সাধারণ প্রতিযোগীদের ক্লাস নেওয়ার পাশাপাশি কাজীর স্ট্রাগল ও পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেন বলিউড ভাইজান। তিনি বলেন, ‘এই ঘরে যত তারকার সমাগমই হোক না কেন, তোমাদের মধ্যে একমাত্র আসল রকস্টার কাজী তৌকীর। পুরো সপ্তাহে তোমার খেলা সত্যি দারুণ ছিল।’

কথোপকথনের একপর্যায়ে কাজীর ক্যারিয়ারের অতীত টেনে সালমান জানতে চান, জীবনের শুরুতে এত বড় সাফল্য পাওয়ার পরও পেছনের দিনগুলো কীভাবে কেটেছে? মনে করিয়ে দেন ২০০৫ সালের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর স্মৃতি। যেখানে অরিজিৎ সিংয়ের মতো গায়ককে পেছনে ফেলে জয়ী হয়েছিলেন কাজী। অরিজিৎ আজ বিশ্বজোড়া খ্যাতি পেলেও কাজী কেন মাঝপথে আড়ালে চলে গেলেন সে প্রশ্নও তোলেন ভাইজান।

প্রশ্নের উত্তরে কাশ্মীরি এই গায়ক জানান, মূলধারার প্রচারের আলোয় না থাকলেও তিনি গানের জগৎ থেকে একদম দূরে যাননি, বিভিন্ন স্থানে নিয়মিত স্টেজ শো করে গান চালিয়ে গেছেন।

কাজীর লড়াইকে শ্রদ্ধা জানিয়ে সালমান আরও যোগ করেন, ‘অনুষ্ঠানে তোমার আগমন নিয়ে শুরুতে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। অথচ এখন তারাই তোমার রসবোধ ও খেলার প্রশংসায় পঞ্চমুখ। জীবনের কঠিন বাস্তবতা হলো কখনও খুব দ্রুত সব পাওয়া যায়, আবার চোখের পলকে তা চলেও যায়। তুমি সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছ।’

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ জয় করে রাতারাতি তারকা বনে যাওয়া কাজী তৌকীর ২০১৫ সালে সাইফ-ক্যাটরিনার ‘ফ্যান্টম’ সিনেমার সুপারহিট গান ‘আফগান জলেবি’-তে পারফর্ম করে ব্যাপক আলোচনার জন্ম দেন। তবে এরপর দীর্ঘ সময় লাইমলাইটের বাইরে থাকলেও এবার বিগ বসের মঞ্চ দিয়ে নতুন করে নিজেকে প্রমাণ করতে চলেছেন এই কাশ্মীরি রকস্টার।

এমআইকে