লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে একক কনসার্ট করে ইতিহাস গড়েছেন ভারতের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। স্টেডিয়ামটিতে একক কোনো শিল্পীর শোর ক্ষেত্রে সর্বোচ্চ দর্শক সমাগমের এক নতুন নজির স্থাপন করেছেন তিনি।
গত ১২ সেপ্টেম্বর আয়োজিত এই কনসার্টে উপস্থিত ছিলেন আনুমানিক ৯২ হাজার দর্শক। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ওয়েম্বলির এই আইকনিক স্টেডিয়ামে একক কনসার্টে এতো বিপুল সংখ্যক দর্শক টানার রেকর্ড শুধু দিলজিতেই হলো। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, দর্শক উপস্থিতির এই সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন একাধিক বিশ্বখ্যাত তারকাকে।
এর আগে ২০২৪ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেইলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’-এর প্রতি শোর গড় দর্শকসংখ্যা ছিল প্রায় ৮৯ হাজার। একই মাঠে ২০১৮ ও ২০২২ সালে ব্রিটিশ গায়ক এড শিরানের কনসার্টে দর্শক উপস্থিতি ছিল ৮০ থেকে ৮৪ হাজারের মধ্যে।
এমনকি পপসম্রাট মাইকেল জ্যাকসনের সাতটি শো মিলিয়ে মোট ৫ লাখ ৪ হাজার দর্শক হলেও প্রতি শোর গড় উপস্থিতি ছিল ৭০ হাজারেরও বেশি। তবে একক দিনে ৯২ হাজার দর্শক টেনে এই তারকাদের একক শোর রেকর্ড টপকে গেলেও গায়িকা অ্যাডেলের সবশেষ রেকর্ড এখনো অক্ষুণ্ন রয়েছে।
এর আগে ২০২৪ সালে ভারতজুড়ে পরিচালিত ‘দিল-লুমানাটি’ ট্যুরের মাধ্যমে ব্যাপক সাফল্য পান দিলজিৎ। সে বছর তার কনসার্ট ট্যুর থেকে ৯৪৩ কোটি রুপি ব্যবসা হয়, যা ভারতীয় সঙ্গীতশিল্পের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। লন্ডনের সাম্প্রতিক এই কনসার্টে আসা ভক্তদের জন্য আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে ঐতিহ্যবাহী পাঞ্জাবি পাগড়ি বাঁধার বিশেষ ব্যবস্থাও করা হয়।
ডিএ
