দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বকুলপুর’-এর নতুন মৌসুম আসছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং এর সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘বকুলপুর সিজন-৩’।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) দীপ্ত টিভি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটকের অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালকসহ দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একদিকে যাত্রাপালার রঙিন জীবন ও নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই সিজনের কাহিনি।
ধারাবাহিকটির গল্পপটে, আব্বাস বেগ আবার বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন; হেরে যান প্রাক্তন চেয়ারম্যান দীবা। বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান। আব্বাস চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বকুলপুরের মানুষের অনুরোধে নন্দিনীর মাধ্যমে যাত্রা নিয়ে আসেন।
এবার বকুলপুরে আসে নতুন যাত্রাদল ‘দি নিউ মালঞ্চ অপেরা’। সে যাত্রাপালা ঠেকানোর জন্যে উঠে পরে লাগে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আব্বাসের সঙ্গে তার দ্বন্দ্বের প্রধান কারণ ছোটবোন নাইয়রী। অন্যদিকে লীলাবতী সরকারের সঙ্গে বিরোধ মেহেরজানের। একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়।
প্রাথমিকভাবে মেহেরজানকে সন্দেহ করা হলেও একটা টেলিফোন কলে সেই তদন্তের মোড় ঘুরে যায়। মেহেরজানের পরিবর্তে সন্দেহ তৈরি হয় আসমার ওপর। এই সময় আসমার ওপর সন্ত্রাসী হামলা হয়। ঘুরে যায় তদন্তের মোড়। এসআই ফরহাদের মনে হতে থাকে, এলাকায় এমন কেউ আছে যে বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো এজেন্ট? এমন রোমাঞ্চকর পটভূমি নিয়েই দর্শকমহলে হাজির হচ্ছে ‘বকুলপুর সিজন-৩’।

আহমেদ শাহাবুদ্দীন রচিত এই মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এ নাটকে আগের দুই সিজনের জনপ্রিয় মুখের পাশাপাশি যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন শিল্পী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা, শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিনসহ অনেকে।
ধারাবাহিকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।
ডিএ
