বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর বায়োপিক থেকে বাদ রওনক

বঙ্গবন্ধুর বায়োপিক থেকে বাদ রওনক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়েপিক ‘বঙ্গবন্ধু’ নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। এতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের চরিত্রে অভিনয় করার কথা ছিলো অভিনেতা রওনক হাসানের। তথ্য মন্ত্রণালয় থেকে তার নামও ঘোষণা করা হয়েছিলো। নেওয়া হয়েছিলো তার চরিত্রের প্রয়োজনে পোশাকের মাপও।

কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত এ অভিনেতাকে আনুষ্ঠানিক চুক্তির আগেই সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি রওনক নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রওনক। সেখানে তিনি লেখেন- 

প্রতিদিনই কেউ না কেউ বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল ও আমার ছবি যোগ করে আমাকে ট্যাগ করছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে শেখ কামাল চরিত্রে অভিনয় করছি না।
Dhaka Post
রওনক হাসান, ছবি : সংগৃহীত 

তিনি আরও লেখেন, ‘একাধিক অডিশন, অতঃপর নির্বাচিত হবার ঘোষণা, পোষাকের মাপ দেওয়া, শিল্পী সম্মানী নির্ধারণ করা, শুটিং শিডিউল নির্ধারণ করার পর চুক্তি স্বাক্ষরের দিন আমি যখন মাঝপথে রাস্তায় তখন কর্তৃপক্ষ আমার চেয়ে বেটার অপশন খুঁজে পেয়েছেন। সুতরাং আমি এখন আর বায়োপিকের সাথে কোনো প্রকার যুক্ত নই। তাই বায়োপিক সম্পর্কিত যেকোনো লেখা বা পোস্টে আমার নাম বা ছবি ট্যাগ করা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমি বায়োপিকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু জীবনীনির্ভর এই সিনেমাটি নির্মাণ করছেন ভারতের বিখ্যাত পরিচালক ‘বায়োপিক মাস্টার’ খ্যাত শ্যাম বেনেগাল।

২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। এতে অংশ নিতে ১৯ জানুয়ারি বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাবেন।

আরআইজে

বিজ্ঞাপন