বিজ্ঞাপন

১১ বছর পর বাপ্পা-জুলফিকার জুটি

১১ বছর পর বাপ্পা-জুলফিকার জুটি

দেশের সংগীতাঙ্গনের অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। তবে গত ১১ বছর ধরে এই জুটি একসঙ্গে কোনও গান বাঁধেনি। তাদের শেষ গান হয়েছিল ২০১০ সালে।

অবশেষে আবারও নতুন সৃষ্টির সন্ধানে এক হলেন তারা। এই পুনর্মিলনের অন্যতম সাক্ষী হিসেবে বাপ্পা-জুলফি জুটি বেছে নিলেন এই প্রজন্মের অন্যতম কণ্ঠশিল্পী টিনা রাসেলকে। ১২ আগস্ট রাতে বাপ্পার বনানীর স্টুডিওতে হয়ে গেল গানটির রেকর্ডিং।

গানটির প্রথম লাইন- ‘কিছু নেই যার তুমি ছাড়া...।’ এটি তৈরি হচ্ছে বাপ্পা মজুমদারের নিজস্ব প্রজেক্টের আওতায়। যেখানে বাপ্পার সুর-সংগীতে তৈরি হচ্ছে ৮টি গান। গাইছেন তারই পছন্দের ৮ জন নারী শিল্পী। এরমধ্যে টিনা রাসেল ছাড়াও থাকছেন কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌‘আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম! এটা ভালোলাগার বিষয়। ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুনকরে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’ 

Dhaka Post

অন্যদিকে জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। ১১ বছর পর যখন টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম, পুরনো হাজার স্মৃতি মনে পড়লো। স্মৃতিকাতর হলাম। আবার শুরু হলো আমাদের কাজ। আশা করছি সামনে বাপ্পা-জুলফি জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা।’

বাপ্পা-জুলফি জুটির গান করে দারুণ উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘তাদের কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। তাদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো! নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’

বাপ্পা মজুমদার জানান, এই প্রজেক্টের আরও কয়েকটি গান এরমধ্যে তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সবগুলো গানের কাজ শেষ করে ধারাবাহিকভাবে সেগুলো প্রকাশ পাবে তারই ইউটিউব চ্যানেলে। 

আর‌আইজে/কেআই