মুক্তির আগেই বাজিমাত অক্ষয়ের ‘হাইওয়ান’

বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ক্যারিয়ার নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন ভক্তরা। তবে এবার ঘুরে দাঁড়ানোর সব রসদ নিয়ে প্রস্তুত এই তারকা। মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘হাইওয়ান’ ঘিরে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
প্রেক্ষাগৃহে আসার আগেই সিনেমাটি তার বাজেটের প্রায় ৭০ শতাংশ টাকা পকেটে পুরে নিয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত এই হাই-ভোল্টেজ সিনেমার নন-থিয়েট্রিক্যাল স্বত্ব (স্যাটেলাইট, মিউজিক ও ডিজিটাল) মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে জনপ্রিয় চ্যানেল সোনি নেটওয়ার্ক।
প্রায় ৮০ কোটি টাকায় এই চুক্তি চূড়ান্ত হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার পর সর্বোচ্চ দরপত্র দিয়ে স্বত্বটি নিজেদের করে নেয় সোনি। ফলে সিনেমাটি মুক্তির আগেই লগ্নির বড় একটি অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন নির্মাতারা। প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ মূলত মালায়ালাম ব্লকবাস্টার ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একজন বিচারক এবং তার মেয়েকে কেন্দ্র করে। একজন কারাবন্দী কয়েদির হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া সেই বিচারক। তার মৃত্যুর পর সেই মেয়েটিকে রক্ষার দায়িত্ব পড়ে একজন অন্ধ ব্যক্তির ওপর। মজার বিষয় হলো, মূল সিনেমা ‘ওপ্পাম’-এর কেন্দ্রীয় অভিনেতা মোহনলালকেও এই সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
অক্ষয় কুমারের ক্যারিয়ারের জন্য ২০২৬ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ভূত বাংলা’ ও ‘হাইওয়ান’ ছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো বড় প্রজেক্ট। সাইফ আলি খানের সঙ্গে অক্ষয়ের রসায়ন পর্দায় বরাবরই দর্শকদের বাড়তি পাওনা। সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।
এমআইকে