অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতের মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর সহ মালিকানা রয়েছে তার। কিন্তু সেখানকার ‘আল্টা স্টেলা’ নামের একটি ড্রিংকস আইটেম এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে, যার দায় পড়েছে খানিকটা অভিনেতার ওপরেও।
বিজ্ঞাপন
মুম্বাইয়ের ভীরা দেশাই এলাকায় সেই রেস্তোরাঁয় মূলত নতুন এক ককটেল পরিবেশন নিয়ে ব্যাপক সমালোচনা। সেই বিশেষ পানীয়তে ছিল জীবিত মাছ। এমন ঘটনার ভিডিও ভাইরালও হয় সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে শেষ পর্যন্ত মেনু থেকে ওই পানীয়টি সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ককটেল পরিবেশনের একটি গ্লাসের ভেতর নীল রঙের একটি জীবন্ত ‘বেট্টা ফাইটার’ মাছ সাঁতার কাটছে। মূলত পানীয়র সৌন্দর্য বাড়াতে এই অদ্ভুত পরীক্ষাটি চালিয়েছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনরা একে ‘অমানবিক’ ও ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেন।
বিজ্ঞাপন
অনেকে মন্তব্য করেন, শুধুমাত্র নান্দনিকতার জন্য একটি জীবন্ত প্রাণীকে কাঁচের পাত্রে আটকে রাখা কোনোভাবেই সৃজনশীলতা হতে পারে না, বরং এটি নিষ্ঠুরতাকে উৎসাহিত করা।
উল্লেখ্য, গত মাসেই চালু হওয়া এই রেস্তোরাঁটিতে সঞ্জয় দত্তের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছেন হরিয়ানার ব্যবসায়ী অভিমন্যু জাখর। সমালোচনার মুখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিতর্কিত ওই ককটেলটি বন্ধের ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সঞ্জয় দত্ত বা তার ব্যবসায়িক সহযোগীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিএ
