বিজ্ঞাপন

অভিনয় থেকে অবসরের গুঞ্জন অক্ষয় কুমারের

অভিনয় থেকে অবসরের গুঞ্জন অক্ষয় কুমারের

‘খিলাড়ি কুমার’ খ্যাত সেই অক্ষয় কুমারের অভিনয় ছাড়ার গুঞ্জন চাউর হয়েছে বলিপাড়ায়। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ভূত বাংলা’ সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর মধ্যেই অভিনেতা প্রস্তুতি নিচ্ছেন তার আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর। তবে প্রশ্ন উঠেছে, এই সিনেমার পরই কি তবে থামতে চলেছেন অক্ষয়? সত্যিই কি অভিনয় থেকে অবসরের কথা ভাবছেন তিনি?

সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে অবসরের প্রসঙ্গে খোলামেলা কথা বলেন অক্ষয় কুমার। তিনি জানান, অবসরের চিন্তা যে তার মাথায় একেবারেই আসে না, তা নয়। তবে সেই চিন্তার স্থায়ীত্ব মাত্র কয়েক সেকেন্ড।

অক্ষয় কুমার রসিকতা করে বলেন, ‘ভোরে যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মাঝে এই চিন্তা মাথায় আসে। কিন্তু ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, আমাকে শুটিংয়ে যেতে হবে। সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ডই স্থায়ী হয়। তখন ভাবি, ধুর! কালকে অবসর নেব। পরদিন আবার ভোর ঘুম থেকে উঠে একই ঘটনা ঘটে। এভাবেই জীবনের ৩৬টি বছর কেটে গেল।’

অবসরের ভাবনা এলেও কেন তিনি নিজেকে গুটিয়ে নেন, তার পেছনেও রয়েছে এক মজাদার কারণ। অভিনেতা জানান, অবসরের পর ঘরে বসে থাকার চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াই তার কাছে বেশি পছন্দের।

অক্ষয়ের কথায়, ‘আমি অবসর নিলে কী হবে? বাড়িতে বসে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে, নয়তো বাগানের কাজ করতে হবে। বাড়ির সব কাজই আমার ঘাড়ের ওপর এসে পড়বে। তার চেয়ে শুটিং সেটে যাওয়াই অনেক ভালো। আমি অবসর নেব না, সেটাই সবার জন্য মঙ্গল।’

এমআইকে