কৃষ্ণসার হরিণ বিতর্ক নিয়ে আইনি জটিলতার মাঝেই সম্পূর্ণ নতুন রূপে হাজির হলেন বলিউড ভাইজান সালমান খান। মাথা মুড়িয়ে, আপাদমস্তক কালো পোশাকে জনসমক্ষে এসে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ষাটোর্ধ্ব এই সুপারস্টার। আর ভাইজানের এমন ‘নেড়া’ লুক দেখেই ভক্তদের মনে উঁকি দিচ্ছে দুই দশক আগের ব্লকবাস্টার সিনেমা ‘তেরে নাম’-এর সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি।
সিনেমা জগৎ ও বাস্তব জীবনের টানাপোড়েনে এই মুহূর্তে বেশ অস্বস্তিতে আছেন সালমান। অতীতে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন তার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল। বাস্তবের সেই সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করেই ‘কালা হিরণ’ নামের একটি সিনেমার গল্প বুনেছেন পরিচালক ভরত শ্রীনাথ।
তবে এই চিত্রনাট্য ও সিনেমাটির প্রচার-মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সালমান। বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন। এই আইনি টানাপোড়েনের মাঝেই হঠাৎ নিজের ভোলবদল করলেন অভিনেতা। এদিকে আমির খান প্রোডাকশনসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজির হন সালমান।

সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার একেবারে নতুন এই লুক। মাথায় চুল নেই, গালে হালকা দাড়ি আর পরনে কালো পোশাক- সালমানের এমন নজিরবিহীন উপস্থিতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনুষ্ঠানে আমির খান ও কারিনা কাপুর খানের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় ভাইজানকে। তারকাখচিত সেই সন্ধ্যায় আমিরের সাফল্য উদযাপনে আরও শামিল হয়েছিলেন রেখা, কাজল, জুহি চাওলা ও ইমরান খানের মতো একঝাঁক তারকা।
তবে সব আলো কেড়ে নিয়েছে সালমানের এই নতুন রূপ। নস্টালজিয়ায় ভেসে ভক্তরা কমেন্ট বক্সে ‘তেরে নাম ২’ নিয়ে উন্মাদনা প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘তাহলে কি তেরে নামের চিত্রনাট্য তৈরি?’ আবার কারও দাবি, ‘খুব শিগগিরই পর্দায় ধামাকা আসছে।’ চরিত্রের প্রয়োজনে এর আগেও সালমান নিজের লুক পরিবর্তন করলেও, এবারের এই পরিবর্তন ভক্তদের মাঝে যে আলোড়ন তৈরি করেছে তা সত্যিই নজিরবিহীন। যদিও নিজের এই লুক নিয়ে ভাইজান নিজে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
এমআইকে
