ভারতীয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। যার কণ্ঠে চার দশক ধরে বুঁদ করে রেখেছে কোটি শ্রোতাকে। দীর্ঘ সংগীত সাধনার স্বীকৃতিস্বরূপ এবার ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন এই কিংবদন্তি গায়িকা। গত ২৩শে জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। তবে এই আনন্দের ক্ষণেই সামনে এলো এক আবেগঘন ও কিছুটা চিন্তার দৃশ্য। পুরস্কার নিতে যাওয়ার সময় ৬০ বছর বয়সী এই গায়িকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
যেখানে দেখা যায়, অলকা ইয়াগনিক ঠিকমতো হাঁটতে পারছেন না এবং মঞ্চে ওঠার জন্য তাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে। প্রিয় গায়িকাকে এমন শারীরিক অবস্থায় দেখে স্বভাবতই উদ্বেগের ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। তবে কি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি? সেই জল্পনার অবসান ঘটিয়ে পুরস্কার পাওয়ার পর নিজের বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অলকা নিজেই। এক আবেগঘন বার্তায় তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই গত দুই বছর ধরে তিনি মূলত প্রচারের আলো এবং ক্যামেরার আড়ালে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে অলকা ইয়াগনিক লিখেছেন, ‘গত দুই বছর ধরে আমি প্রচারের আলো থেকে, জনসমক্ষে আসা থেকে এবং আমার যাত্রার বেশিরভাগ অংশ ভাগ করে নেওয়া থেকে দূরে ছিলাম। আপনাদের অনেকেই জানতেন যে আমি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পুরোটা সময় জুড়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে।’
তিনি আরও লেখেন, ‘আজ দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা – মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনয়ী করেছে, এবং যদিও এতে আমার নাম রয়েছে, এটি ঠিক ততটাই সেই সমস্ত শ্রোতাদেরও প্রাপ্য, যারা আমার কণ্ঠকে তাদের জীবনে সাদরে গ্রহণ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমার গানকে বয়ে নিয়ে গেছেন এবং আমার সাফল্য ও প্রতিকূলতা উভয় সময়েই পাশে থেকেছেন৷’
ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন জানিয়ে গুণী এই শিল্পী লেখেন, ‘এই মুহূর্তটি বিশেষভাবে অর্থবহ, কারণ এটি শুধু আমার কাজের স্বীকৃতিই নয়, বরং ভালবাসা, আশা এবং দৃঢ়তা থেকে আসা শক্তিরও একটি স্মারক। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি, এবং আমি আজ এখানে থাকতে চেয়েছিলাম – শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা এই যাত্রার অংশ ছিলেন।’
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এই অসাধারণ সম্মান আমাকে প্রদান করার জন্য আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকারের প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে এটি গ্রহণ করছি। বছরের পর বছর ধরে আপনাদের দয়া, আপনাদের প্রার্থনা এবং আমার প্রতি আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই সবকিছুই আমি আমার সঙ্গে বহন করি। আজ আমি শুধু একটি পুরস্কার গ্রহণ করিনি – আমি সেই লাখ লাখ মানুষের ভালোবাসা অনুভব করেছি যারা আমার এই যাত্রার অংশ ছিলেন। ধন্যবাদ ভালবাসা, অলকা।’
প্রসঙ্গত, অলকা ইয়াগনিক মূলত একটি ভাইরাল সংক্রমণের কারণে সৃষ্ট 'সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাস' রোগে ভুগছেন, যা ২০২৪ সালে তিনি প্রথম প্রকাশ্যে আনেন। এর ফলে তার শোনার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমআইকে
