গত বছরের ১৯ সেপ্টেম্বর উপমহাদেশের সংগীতে শোকের স্তব্ধতা বইয়ে দিয়ে অনন্তলোকে চলে গেছেন জুবিন গর্গ। আসামের এই গায়ক বলিউড ও টালিউডে পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আর নিজের রাজ্যে ছিলেন গানের ‘ঈশ্বর’-এর মতো।
অকালপ্রয়াত এই সংগীত তারকাকে নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘লাভ ইউ জুবিন দা’। শ্রী প্রীতমের পরিচালনায় এ ছবির মাধ্যমে মূলত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। সঙ্গে থাকবে তার সংগীতজীবনের নেপথ্যের নানা ঘটনা।
ছবির প্রধান দুই চরিত্রে থাকছেন ইকবাল রহিমি ও বর্ষা সেনগুপ্ত। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে যখন জুবিন সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে যান, তখনই জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত সংকট। একদিকে শৈশবের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা—এই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ছবির কাহিনি।
এই ছবির অন্যতম আকর্ষণ জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান। যা প্রথমবার এই ছবির মাধ্যমে মুক্তি পাবে। শ্রী প্রীতম বলেন, ‘২০১১ সাল থেকে মিউজিক ডিরেক্টর হিসেবে টালিউডে জুবিন দার সঙ্গে বহু গান করার সৌভাগ্য হয়েছে। তার সঙ্গে কাজ করতে গিয়ে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। সেই ভালোবাসা আর শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা। গল্পটি প্রযোজক এমডি ফারুক উদ্দিনকে শোনানোর পর সঙ্গে সঙ্গেই ছবি নির্মাণের সিদ্ধান্ত নিই। এরপর গরিমাদির (জুবিনের স্ত্রী) কাছ থেকে অনুমতি নেওয়া। ছবিটির মাধ্যমে আমি তাকে শ্রদ্ধা জানানোর আন্তরিক চেষ্টা করেছি।’
ছবির নায়ক ইকবাল রহিমি বলেন, ‘জুবিন গর্গ শুধু একজন শিল্পী নন, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার নামের সঙ্গে অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এমন একটি ছবির অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি এই চরিত্রের জন্য আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি।’
ছবির বিভিন্ন চরিত্রে আরো আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত।
কেআই
