ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র মঞ্চে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। শোয়ের সঞ্চালক ফারাহ খানের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন প্রতিযোগী ও অভিনেতা রাম কাপুর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রামকে শো থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায়। তবে দমে যাওয়ার পাত্র নন রামও, ফারাহর মন্তব্যের মুখে দাঁড়িয়ে দিলেন পাল্টা কড়া জবাব।
বলিউড তারকা রীতেশ দেশমুখের সঙ্গে যৌথভাবে এই শোটি সঞ্চালনা করছেন বিখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। শুরু থেকেই এই শোতে নিজের স্বভাবসুলভ আচরণের কারণে বেশ আলোচনায় আছেন রাম কাপুর। তবে সম্প্রতি রামের এই খামখেয়ালি আচরণ নিয়েই আপত্তি তোলেন ফারাহ। তিনি রামকে নিজের পারফরম্যান্স ও আচরণ পরিবর্তন করার পরামর্শ দিলে শুরু হয় আসল বিতর্ক।
রামের বর্তমান পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করে ফারাহ বলেন, ‘আমি জানতে চাই, আপনি এখন পর্যন্ত যতগুলো শো করেছেন, সেখানে আপনি তারকা ছিলেন, কিন্তু এখানে এসে আপনি পেছনের অভিনেতা হয়ে গেছেন।’ ফারাহর এমন মন্তব্যের মাঝেই হাত উঁচু করে তাকে থামানোর চেষ্টা করেন রাম।

তবে ফারাহ ক্ষুব্ধ কণ্ঠে জানিয়ে দেন, ‘আমি এমন রামকে দেখতে চাই না। এটা মজার নয়।’ ফারাহর এই ধমক অবশ্য গায়েই মাখেননি রাম কাপুর। অত্যন্ত শান্ত ও নিশ্চিন্ত ভঙ্গিতে তিনি বলেন, ‘এটি আমার জন্য মজার। আমি যেমন আছি তেমনই রয়েছি।’
রামের এমন উদাসীনতায় ফারাহ আরও বিরক্ত হয়ে বলেন, ‘আমি আপনাকে গেমটি আরও ভালো করার জন্য সাহায্য করছি। আপনি কী করছেন, আপনি যে বক্তৃতা দিচ্ছেন, আপনি এমন নন।‘
ঠিক তখনই রাম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘তো আমাকে বের করে দিন। কিন্তু আমি পাল্টাব না। আমি যেমন আছি তেমনই আছি।‘ রামের এই একগুঁয়েমি দেখে ফারাহ ব্যঙ্গ করে বলেন, ‘যারা পাল্টায় না তারা যা ডাইনোসর হয়ে যায়।’ জবাবে রাম রসিকতা করে বলেন, ‘আমি তো ডাইনোসরই হতে চাই।’
এমআইকে
