বিজ্ঞাপন

ফের হাসপাতালে ভর্তি দীপিকা

ফের হাসপাতালে ভর্তি দীপিকা

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে একটি টিউমার বাদ দেওয়া হয়েছিল তার। তবে ধকল কাটেনি পুরোপুরি। প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। এর মাঝেই শুরু হয়েছে তার দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি। আর এই চিকিৎসার জেরেই আবারও হাসপাতালে ভর্তি হতে হলো এই অভিনেত্রীকে।

সম্প্রতি হাসপাতাল থেকেই দীপিকার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। সেখানে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে দীপিকা বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গিয়েছে। ২০-২১ দিন পর পরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’

শোয়েব জানান, বেশ কিছু দিন ধরেই দীপিকার শরীরে তীব্র আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণের জন্যই মূলত হাসপাতালে এনে তাকে আইভি ড্রিপ (স্যালাইন) দেওয়া হচ্ছে। 

পাশাপাশি দীপিকা জানান, ক্যানসারের বেশ কিছু ভারী ওষুধের কারণে প্রচণ্ড ঝিমুনি আসছিল তার। মূলত সেই শারীরিক অস্বস্তির কারণেই এক রাতের জন্য তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে নিজের এই দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে একমাত্র ছেলে রুহানকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে এই অভিনেত্রীর। 

দীপিকার দাবি, মায়ের অসুস্থতার প্রভাব পড়েছে একরত্তির ওপরেও। গত কয়েক সপ্তাহে ছেলের স্বভাবের মধ্যে বেশ কিছু স্পষ্ট পরিবর্তন লক্ষ করেছেন তিনি। দীপিকা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশ না-থাকা এবং মাকে বার বার হাসপাতালে যেতে দেখার কারণে রুহান একাকিত্বে ভুগছে। আগের চেয়ে সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। তাই শত কষ্টের মাঝেও এই দম্পতি এখন ছেলেকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করছেন।

এমআইকে

বিজ্ঞাপন