হলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা স্যাম নিল মারা গেছেন। ‘জুরাসিক পার্ক’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত এই তারকার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, স্যাম নিলের এই চলে যাওয়াটা ছিল একেবারেই আকস্মিক এবং অপ্রত্যাশিত।
২০২৩ সালে স্যাম জানান, তিনি ‘অ্যানজিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা’ নামের একটি বিরল ধরনের নন-হজকিন্স লিম্ফোমায় (রক্তের ক্যান্সার) আক্রান্ত। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময় তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ছিলেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি।
কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে স্যাম নিল তার অসামান্য অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। আর্টহাউজ সিনেমা থেকে শুরু করে হলিউডের বিগ বাজেটের কমার্শিয়াল ছবি—সবখানেই ছিল তার সাবলীল যাতায়াত।
জুরাসিক পার্ক ছাড়াও তার ঝুলিতে রয়েছে অজস্র কালজয়ী কাজ। ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ সিনেমায় স্যার শন কনারির সেকেন্ড-ইন-কমান্ড চরিত্র, ‘ডেড কাম’ ছবিতে নিকোল কিডম্যানের স্বামী কিংবা ‘থর: র্যাগনারক’ সিনেমায় থরের বাবা ওডিনের চরিত্রে তার অভিনয় ছিল প্রশংসনীয়।
এছাড়াও ১৯৮১ সালের কাল্ট হরর ‘পজেসন’, ১৯৮৮ সালে মেরিল স্ট্রিপের সঙ্গে ‘এ ক্রাই ইন দ্য ডার্ক’ (যার জন্য তিনি অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউটের সেরা অভিনেতার পুরস্কার পান), ১৯৯৩ সালের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কারজয়ী পিরিয়ড ড্রামা ‘দ্য পিয়ানো’ এবং ২০১৬ সালে তাইকা ওয়াইতিতির সুপারহিট ‘হন্ট ফর দ্য ওয়াইল্ডারপিপল’ চলচ্চিত্রে তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক হয়ে থাকবে।
এছাড়া কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জয়ী ‘দ্য পিয়ানো’ সিনেমায় হলি হান্টারের স্বামীর চরিত্রে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। মূলত সত্তরের দশকের শেষের দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মেল গিবসন, রাসেল ক্রোদের পাশাপাশি স্যাম নিলও এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্যাম নিলের ঝুড়িতে রয়েছে ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ডেড কাম’, এবং মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ‘থর: র্যাগনারক’-এর মতো জনপ্রিয় সব সিনেমা।
এমআইকে
