বিজ্ঞাপন

সেই ‘র‍্যাঞ্চো’কে অনশন থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বলিউড

সেই ‘র‍্যাঞ্চো’কে অনশন থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বলিউড

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর আমির খান অভিনীত ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি প্রখ্যাত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের বাস্তব জীবন ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়।

কিন্তু সম্প্রতি ভারতে টানা ২১ দিন ধরে অনশনরত এই সমাজকর্মীকে এবার জোরপূর্বক অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এই ঘটনার পর ভারতের বিনোদন জগৎ তথা বলিউডের একাধিক শীর্ষ তারকা প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আন্দোলনকারী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ অনশনের কারণে সোনম ওয়াংচুকের ওজন প্রায় ২০ শতাংশ কমে গেছে। চিকিৎসকেরা তার অঙ্গ বিকল (অর্গ্যান ফেলিওর) হওয়ার আশঙ্কা প্রকাশ করার পর পুলিশ তাকে অনশনস্থল থেকে সরিয়ে নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ বলপ্রয়োগের পাশাপাশি সেখানে উপস্থিত অন্যদের সঙ্গেও অশোভন আচরণ করেছে। 

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিশাল দাদলানি, প্রকাশ রাজ, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্কর ও দিয়া মির্জার মতো তারকারা। সংগীতশিল্পী বিশাল দাদলানি এক ভিডিও বার্তায় একে প্রশাসনের 'কাপুরুষতা' বলে আখ্যা দিয়ে সাধারণ মানুষের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কথায়, আপনারা কখনও এমন কাপুরুষতা দেখেছেন? সোনমজিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশের সঙ্গে যা করছে সেটা অত্যন্ত দুঃখজনক। এই দেশের মানুষ আর কতদিন ঘুমিয়ে থাকবেন?

অভিনেতা প্রকাশ রাজ সামাজিক মাধ্যমে সরকারের এই আচরণকে স্বৈরাচারী ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। বলেছেন, বিশ্ব এমন এক কাপুরুষ সরকারের সাক্ষী যারা যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতে চায় না। বরং স্বৈরাচারীর মতো আচরণ করে। 

অভিনেত্রী স্বরা ভাস্করের মতে, এটা ব্রিটিশ শাসনের চেয়েও খারাপ ব্যবহার। দিয়া মির্জা সোনমের আন্দোলন ও নিট পরাক্ষার্থীদের সমর্থনে লেখেন, আমি এই দেশের ছাত্রদের পাশে রয়েছি। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি।

উল্লেখ্য, সোনম ওয়াংচুক মূলত লাদাখের পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে এই অনশন কর্মসূচি পালন করছিলেন। 

ডিএ

বিজ্ঞাপন