বিজ্ঞাপন

‘রাম’ রণবীরের প্রশংসায় ‘রাবণ’ যশ

‘রাম’ রণবীরের প্রশংসায় ‘রাবণ’ যশ

মুক্তির মিছিলে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনের ছবি ‘রামায়ণ’। দুই পর্বের ছবিটির বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি! এর মধ্যে প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে এ বছরের নভেম্বরে। সেই লক্ষ্যে ২৪ জুলাই প্রকাশিত হবে ট্রেলার।

তবে তার আগেই শুরু হলো ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ট্রেলার লঞ্চিং প্রোগ্রাম। তাতে ছবির নির্মাতা ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

‘রামায়ণ’-এ রামের ভূমিকায় আছেন রণবীর কাপুর, আর রাবণ হয়েছেন যশ। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে যশের উপস্থিতি নিয়ে ছিল ধোঁয়াশা। তবে শেষপর্যন্ত তিনি এসে সবাইকে চমকে দেন। ‘কেজিএফ’ তারকাকে দেখে দর্শকও ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়ে।

এরপর যশ বলেন, ‘এমন অসাধারণ একটি ছবির অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এর পুরো কৃতিত্ব নমিত মালহোত্রার (প্রযোজক)। তিনি আমাকে এ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। ছবিটির সুবাদে হিন্দি শেখারও সুযোগ হলো।’

ছবির সহশিল্পীদের প্রশংসাও করলেন যশ। ‘রাম’ রণবীরকে নিয়ে বলেন, ‘রণবীর, তুমি অভাবনীয়! পুরো ভারত দেখবে, তুমি কিভাবে নিজেকে এ চরিত্রে ঢেলে দিয়েছো এবং একটা জাদু তৈরি করেছো।’

অনুষ্ঠানে টিম 'রামায়ণ' 

ছবিতে ‘সিতা’ চরিত্রে আছেন সাই পল্লবী। তাকে নিয়ে যশের মন্তব্য, ‘সাই নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেত্রী। তার চোখে তাকালেই বুঝতে পারবেন, সে সিতা চরিত্রে কত দারুণ পারফর্ম করেছে।’

‘রামায়ণ’-এ আরো অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, কাজল আগারওয়াল, অরুণ গোবিল, লারা দত্ত, রাকুলপ্রীত সিংসহ অনেকে। ছবিটির সংগীত করেছেন অস্কারজয়ী হ্যানস জিমার ও এ আর রহমান।

কেআই