বলিউডের 'ভাইজান' সালমান খানের বয়স যেন শুধু একটা সংখ্যা এমনটাই বিশ্বাস করেন ভক্তদের। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই বিশ্বাসে কিছুটা হলেও নাড়া দিয়েছে। ভিডিওতে প্রিয় তারকাকে বেশ ক্লান্ত, ফ্যাকাশে এবং পরিশ্রান্ত দেখানোর পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।
বলিউড সুলতানের এমন রূপ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন আসলেই কেমন আছেন সালমান খান? তিনি কি গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভুগছেন?
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র (এসআরএ) দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর (আইটি সার্ভার রুম) আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে উদ্বোধনের আনন্দ ছাপিয়ে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া ভিডিওটিই এখন নেটপাড়ার মূল আলোচনার বিষয়।

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের নজরে আসে সালমানের শারীরিক পরিবর্তন। অনেকের মতে, অভিনেতার ওজন বেশ খানিকটা কমে গেছে এবং তাঁর চেহারায় চেনা সেই জৌলুস উধাও। একজন নেটিজেন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘সালমান খানের শরীর ঠিক আছে তো?’ আর একজনের মন্তব্য, ‘সালমানকে তো এখানে কোনও ভাবেই সালমানের মতো লাগছে না।’
প্রিয় তারকার এমন অবস্থা দেখে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘তাকে অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন।’ আবার কারও মন্তব্য, ‘মনে হচ্ছে কোনও শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।’ নিয়মিত শরীরচর্চা থেকে সালমান দূরে সরে গেছেন কি না, সেই প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘সালমানকে দেখে মনে হচ্ছে, নিয়মিত শারীরচর্চা ছেড়ে দিয়েছেন তিনি। তার শরীর ঠিক আছে তো?’
প্রসঙ্গত, বয়স ও ক্লান্তি ঝেড়ে ফেলে কাজের ক্ষেত্রে অবশ্য পুরোদমে সক্রিয় সালমান। খুব শিগগিরই তাকে দেখা যাবে ‘মাতৃভূমি’ সিনেমায়। এ ছাড়াও দেশটির দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমার কাজ সারছেন তিনি। ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সেই বিগ বাজেট সিনেমাটির, যদিও এর নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
এমআইকে
