বিজ্ঞাপন

‘রামায়ণ’-এ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন সানি দেওল

‘রামায়ণ’-এ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন সানি দেওল

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ‘ইক্কা’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নতুন উদ্যমে কোমর বেঁধে মাঠে নেমেছেন বলিউড তারকা সানি দেওল। সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত ছবির একটি বিশেষ অনুষ্ঠানে অল-ব্ল্যাক লুকে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই অ্যাকশন হিরো। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে তার কিছু অকপট স্বীকারোক্তি। 

ছবিটিতে ঐতিহাসিক ‘হনুমানজি’র চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটিতে ঢোকার অভিজ্ঞতা ও নিজের অনুভূতি নিয়ে এবার প্রকাশ্যেই মুখ খুললেন সানি। অনুষ্ঠানে সানি দেওল জানান, পৌরাণিক এই চরিত্রের শুটিং তিনি সবেমাত্র শুরু করেছেন এবং তার সামনে এখনও এক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। নিজের কাজের অগ্রগতি নিয়ে সানি বলেন, ‘সত্যি বলতে, এই ছবির জন্য আমি এখনও খুব সামান্যই কাজ করেছি। আমাকে এখনও অনেক দূর যেতে হবে।’

পর্দায় এমন একটি কালজয়ী ও ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে সানি শুধু ভাগ্য নয়, বরং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বলেই মনে করছেন। তবে এর পেছনে থাকা দায়বদ্ধতার কথাও ভুলে যাননি তিনি। ভক্তের আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাস জড়িয়ে থাকায় এই চরিত্র রূপায়ণ করাকে বিশাল দায়িত্বের কাজ বলে মনে করেন সানি।

সানি দেওল বলেন, ‘হনুমানজি কেবল শক্তির প্রতীক নন। তার মধ্যে এক অদ্ভুত শিশুর মতো নিষ্পাপ, চঞ্চল, শ্রীরামের প্রতি অগাধ ভক্তি এবং অসীম ক্ষমতার এক চমৎকার ভারসাম্য রয়েছে। এই সবকটি দিক পর্দায় ফুটিয়ে তোলা মোটেও সহজ কাজ নয়। তবে আমি জানি আমি এই কাজটি ভীষণ উপভোগ করব। তিনি যেমন শক্তিশালী, তেমনই নিষ্পাপ। সবাই তাকে ভালোবাসে এবং সর্বোপরি তিনি প্রভু রামের পরম ভক্ত।’

এদিকে আন্তর্জাতিক মঞ্চ ‘কমিক-কন’-এর অফিশিয়াল ডেসক্রিপশনে সিনেমাটির মূল লড়াইয়ের একটি রোমাঞ্চকর ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দেবতা ও রাজাদের যুগে, যখন বিশ্বের ভাগ্য ঝুলছে অনিশ্চয়তায়, তখন কর্তব্য ও ত্যাগের বন্ধনে আবদ্ধ রাজপুত্র রামকে মুখোমুখি হতে হবে অহংকারী ও প্রতিশোধপরায়ণ অমর রাজা রাবণের, যে মহাবিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও রাজকীয় প্রজেক্ট হতে চলেছে এই ‘রামায়ণ’। প্রায় ৪ হাজার কোটি টাকার আকাশছোঁয়া বাজেটে নির্মিত হচ্ছে এই দুই খণ্ডের সিনেমা। ছবিটির আবহসংগীতেও থাকছে বড় চমক; যেখানে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং ভারতের মিউজিক মায়েস্ট্রো এ আর রহমান।

এমআইকে