ঈদে তারকাবহুল ধামাকা, প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এবার ঈদুল ফিতরের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা তানিম নূর। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারের মাধ্যমেই সিনেমাটির বিশাল তারকাবহর ও মুক্তির সময় নিশ্চিত করলেন নির্মাতা।
সিনেমাটির অফিসিয়াল পোস্টারে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ সিনেমার প্রধান চরিত্রগুলোর লুক ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে বিভিন্ন সময় সিনেমার লুক প্রকাশ করা হলেও এবার চরিত্রগুলোর মুখ দেখিয়ে দর্শকদের কৌতূহল মেটালেন নির্মাতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নির্মাতা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ এর অফিশিয়াল পোস্টার! উৎসবের টিম থেকে, বনলতা এক্সপ্রেস আসছে এই ঈদুল ফিতরে; আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে?
এদিকে সম্প্রতি তানিম নূর জানিয়েছেন, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে। ‘উৎসব’-এর অভাবনীয় সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী। নির্মাতার মতে, জনপ্রিয় সাহিত্যের আধারে নির্মিত হওয়ায় এবার প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক টানা সম্ভব হবে।
হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ; এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রসারের কাজ জোরেশোরে চলছে। সব ঠিক থাকলে আসন্ন রোজার ঈদেই দর্শকদের জন্য দেশের প্রেক্ষাগৃহগুলো থেকেই যাত্রা শুরু করবে এই ‘বনলতা এক্সপ্রেস’।
ডিএ