এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

আসছে ঈদে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা তানিম নূরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো এর ফার্স্টলুক।
গত বুধবার সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ডিজিটাল প্ল্যাটফর্মে ফার্স্টলুকটি উন্মুক্ত করার পরপরই তা দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ, সঙ্গে ট্রেনযাত্রা। আর এর মধ্য দিয়ে চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ভ্রমণে সহযাত্রী হিসেবে দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে।

ছবিতে সাবিলা নূরকে একজন সাধারণ নারীর চরিত্রে এবং চঞ্চল চৌধুরীকে মন্ত্রীর ভূমিকায় দেখা যাবে। মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন এবং শরীফুল রাজকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়।

ফার্স্টলুকের অন্যতম বড় চমক হিসেবে হাজির হয়েছে একটি রহস্যময় নেপথ্য কণ্ঠ, যা শুনে দর্শক নিশ্চিত এটি নুহাশ হুমায়ূনের কণ্ঠ। জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া মোশাররফ করিমের ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করে দর্শকদের জন্য বাড়তি বিনোদনের জোগান দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে সিনেমাটি। চরিত্রগুলোর ছবি প্রকাশ করে একজন লিখেছেন, ‘ফার্স্ট লুকেই যদি এত গভীরতা থাকে, তাহলে পুরো মুভি কতটা আবেগী হবে ভাবতেই শিহরণ লাগছে!’ একজন কৌতূহলী হয়ে লিখেছেন, ‘এক ট্রেনে কত রহস্য থাকতে পারে।’
পরিচালক তানিম নূর গণমাধ্যমে জানান, হুমায়ূন আহমেদের গল্পের গভীর মানবিকতা ও নিঃশব্দ যন্ত্রণাকে একটি ভিজ্যুয়াল যাত্রায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার মতে, একটি ট্রেনের বিভিন্ন বগিতে যেমন ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না থাকে, তেমনি এই চলচ্চিত্রটিও মানুষের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেবে। দেশের প্রেক্ষাগৃহে ঈদের দিন মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আগামী ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
ডিএ