শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে যে বার্তা দিলেন আরিফিন শুভ

ঢালিউড থেকে বলিউড ক্যারিয়ারের গ্রাফটা এখন উর্ধ্বমুখী আরিফিন শুভর। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন এই অভিনেতা। তবে গ্ল্যামার আর সাফল্যের এই ভিড়েও এবারের ঈদে শুভকে ছুঁয়ে আছে এক বিষণ্ণ মধুর স্মৃতি।
বিজ্ঞাপন
ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শুভ। সেখানে তিনি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন নিজের বিশেষ এক আবেগের কথা। কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং পরলোকগত মায়ের স্মৃতিকে জড়িয়েই এবারের ঈদ উদযাপন করছেন তিনি।
ভিডিও বার্তায় শুভ বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দু বছর ধরে আমি একটা কাজ করছিলাম ‘জ্যাজ সিটি’ নামে সনি লিভের, সেটা রিলিজ হয়েছে রিসেন্টলি। তো আপনারা দেখলে খুশি হবো।’
বিজ্ঞাপন
তবে ক্যারিয়ারের সাফল্যের চেয়েও ব্যক্তিগত এক অদেখা অনুভূতির কথা জানিয়ে শুভ আরও বলেন, ‘আমার ঈদ তো এজ ইউজুয়াল মার (মায়ের) শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে মার সাথে সকালবেলা দেখা করতে গেলাম কবরে এবং জিয়ারত করে ফিরে এখন বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাবাজি করব। খাওয়া-দাওয়া করব।’
ঢাকার মেঘলা আকাশের কথা মনে করিয়ে দিয়ে তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই অনেক খাওয়া-দাওয়া, ঈদ মানেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, গান করা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন ঈদের এই দিনে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।’
এমআইকে