কোটির ঘরে আফরান নিশোর দম, শাকিব-সিয়ামরা কোথায়?

ঈদের সিনেমার তালিকায় এবার বেশ জমজমাট লড়াই চলছে। পাঁচটি সিনেমা মুক্তি পেলেও আলোচনা আর আয়ের দৌড়ে একেকটি একেক অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমাগুলোর মধ্যে আয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে আফরান নিশো অভিনীত ‘দম’।
বিজ্ঞাপন
বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে খাতা খুলে দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

আফরান নিশোর এই দাপুটে যাত্রার ঠিক পেছনেই অবস্থান করছে তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তিন দিনে মোট ৭৭.৩৩ লাখ টাকা আয় করেছে।
প্রথম দিন ১৮.৫৪ লাখ টাকা থেকে শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা সংগ্রহ করে সিনেমাটি ক্রমাগত আয়ের গ্রাফ উর্ধ্বমুখী রেখেছে। মাল্টিপ্লেক্সের ৩১টি শোর মধ্যে ২৯টিই হাউজফুল ছিল। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূরদের এই সিনেমাটি প্রমাণ করেছে যে শুধু অ্যাকশন নয়, জীবনমুখী গল্পের সিনেমার প্রতিও দর্শকদের প্রবল আগ্রহ রয়েছে।
বিজ্ঞাপন

আয়ের লড়াইয়ে এর পরেই অবস্থান করছেন সিয়াম আহমেদ। তার অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’ শুরুটা কিছুটা ধীরগতিতে করলেও নিজের পারফরম্যান্স ধরে রেখেছে। প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা। প্রথম দিন ১৩.৯৩ লাখ, দ্বিতীয় দিন ২০.২৮ লাখ এবং তৃতীয় দিনে ২১.৯২ লাখ টাকা আয় করেছে ‘রাক্ষস’।

মূলত প্রেমের গল্প হলেও অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেল থাকায় এটি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ২২টি শোর মধ্যে ১৮টিতেই হাউজফুল দর্শক পেয়ে সিনেমাটি বক্স অফিসে টিকে থাকার ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ তিন দিনে মোট আয় করেছে ৫১.৫৪ লাখ টাকা। মুক্তির প্রথম দিনে ১৬.১৯ লাখ এবং দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ টাকা আয় করলেও তৃতীয় দিনে কালেকশন কিছুটা কমে ১৫.২৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার ইমেজে দেখা গেলেও আয়ের দৌড়ে আপাতত ‘দম’ কিংবা ‘বনলতা এক্সপ্রেস’-এর চেয়ে পিছিয়ে আছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে শাকিব ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। শাকিবের বিপরীতে সিনেমাটিতে রয়েছেন ওপার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
সবশেষে রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ ধীরে ধীরে দর্শকদের নজর কাড়ছে। প্রথম তিন দিনে সিনেমাটি মোট ২৯.৩২ লাখ টাকা আয় করেছে। আশ্চর্যের বিষয় হলো, প্রথম দিনে মাত্র ৬.১২ লাখ টাকা আয় করলেও পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় তৃতীয় দিনে তা বেড়ে ১২.১৫ লাখে পৌঁছেছে।

বুবলী ও নাজিফা তুষিদের এই সিনেমাটির আয় দিনে দিনে বাড়ছে, যা সংশ্লিষ্টদের জন্য ইতিবাচক সংকেত। সব মিলিয়ে ঈদের এই সিনেমা যুদ্ধ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি সফল মৌসুমের ইঙ্গিত দিচ্ছে।
ডিএ